ভিয়েনা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর থাকা কঠোর নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে দেশটির পরমাণু প্রকল্পের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপের দীর্ঘমেয়াদী প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছে বিশ্বের বৃহৎ শক্তিগুলো।
ইরানের সঙ্গে পরমাণু আলোচনার সৃষ্ট অচলাবস্থা নিরসনে একটি সমাধান খুঁজে বের করা ক্রমেই জরুরি হয়ে পড়ছে।
ইরানের ওপর পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা যত দীর্ঘ সময় বলবৎ থাকবে ততই পরমাণু বোমা তৈরির প্রযুক্তি সক্ষমতার নিকটবর্তী হবে দেশটি। এতে ইরানের পরমাণু প্রকল্পের ওপর ইসরায়েলি হামলার সম্ভাবনাও দিন দিন বাড়তে থাকবে।
পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর চলতি বছরে চতুর্থ বারের মতো ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনায় বসবেন তারা। এখন ওই বৈঠকের প্রস্তুতি চলছে। এতে ইরানের সঙ্গে আলোচনার নতুন কৌশলের সম্ভাব্যতা পর্যালোচনা করছেন তারা।
উভয়পক্ষের দাবি ও সন্তোষজনক সাড়ার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
আগের বৈঠকগুলো উভয়পক্ষের মধ্যে আস্থার অভাবে ব্যর্থ হয়েছে। এতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আলোচনার নতুন কৌশল ভেবে দেখা হচ্ছে।
গত কয়েক বছর ধরে চলা কূটনৈতিক পদক্ষেপ ও বিভিন্ন নিষেধাজ্ঞা সত্বেও পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর চলমান বিতর্কের কোনো সুরাহা হয়নি।
এতে ইরানের ওপর সম্ভাব্য ইসরায়েলি হামলার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের কোনো হামলার ফলে মধ্যপ্রাচ্যে যে সর্বনাশা যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে তাতে বিশ্ব অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
ইরানের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রস্তুতি সম্পর্কে এক পশ্চিমা কূটনৈতিক বলেন, “ভালোভাবে প্রস্তুতি নিয়েই পরবর্তী বৈঠকটি করা হবে। এই বৈঠকে দাবী ও ছাড়ের ভিত্তিতে নতুন উৎসাহব্যঞ্জক কিছু অগ্রগতি হতে পারে।”
ইসরায়েলের ধারণা, বর্তমান গতিতে ইরানের পরমাণু প্রকল্পের কার্যক্রম চলতে থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলবে।
এই ভাবনায় শঙ্কিত ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্পে হামলা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোতে রাজি করাতে অনবরত চাপ সৃষ্টি করে চলছে।
কেউ এগিয়ে না আসলে ইসরায়েল একাই ইরানে হামলা করবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে।
কিন্তু ইসরায়েলের দাবী ও পশ্চিমাদের উদ্বেগ সত্ত্বেও ইরান নিজেদের পরামাণু প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবী জানিয়ে আসছে। শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পে কোনো বিদেশি হস্তক্ষেপ বা বাধা গ্রাহ্য করা হবেনা বলেও পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৮ ঘ.
bdnews24