জেনেভা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্ক এবং জর্ডানের পর এখন প্রতিবেশী দেশ লেবাননে সিরীয় শরণার্থীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।
সিরিয়ায় ১৯ মাসের সহিংসতায় পালিয়ে যাওয়া ৩ লাখ ৫৮ হাজারেরও বেশি সিরীয় ইরাকসহ প্রতিবেশী ৪ টি দেশে আশ্রয় নিয়েছে।
সিরিয়ার সহিংসতা ছড়িয়ে পড়েছে লেবাননেও। গত সপ্তাহে বৈরুতে বোমা হামলায় এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার জেরে সহিংসতা শুরু হয়।
জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেন, “লেবাননে সাম্প্রতিক গোলযোগপূর্ণ পরিবেশের মধ্যেও সিরীয় শরণার্থীর ঢল কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”
জর্ডানে এখন নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা ১ লাখ ৭৩৭, তুরস্কে ১ লাখ ১৮৩৪, লেবাননে ১ লাখ ১২৮৩ এবং ইরাকে ৪২,৬৬১।
ইউএনএইচসিআর এর হিসাবমতে, এ বছরের শেষ নাগাদ মোট ৭ লাখ সিরীয় শরণার্থী বিদেশে পালিয়ে যেতে পারে।
শরণার্থীর চাপ মোকবেলায় তাদেরকে আশ্রয় দেয়া দেশগুলোর জন্য আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন ফ্লেমিং।
উত্তর আফ্রিকায় তালিকাভুক্ত হয়েছে প্রায় ৬,৮১৫ শরণার্থী। এর প্রায় সবই মিশরে। তবে মিশর সরকার বলেছে, দেশে প্রায় ১৫০,০০০ সিরীয় শরণার্থী আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৮০৪ঘ.
bdnews24