২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসির বিরুদ্ধে মন্তব্যে দণ্ডিত হলেন টিভি উপস্থাপক

মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করায় টেলিভিশনের এক টক-শো উপস্থাপকের চার মাসের কারাদণ্ড হয়েছে। মুরসি ও তার দলের ‘মৃত্যুদণ্ড প্রাপ্য’ বলে এক টক-শো’য়ে মন্তব্য করেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 06:51 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

কায়রো, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করায় টেলিভিশনের এক টক-শো উপস্থাপকের চার মাসের কারাদণ্ড হয়েছে। মুরসি ও তার দলের ‘মৃত্যুদণ্ড প্রাপ্য’ বলে এক টক-শো’য়ে মন্তব্য করেছিলেন তিনি। সোমবার মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। দক্ষিণ মিশরের এক আদালত তাকে এ সাজা দেয়। দণ্ডিত উপস্থাপকের নাম তৌফিক ওকাশা। ওকাশার নিজ মালিকানাধীন চ্যানেলে টক-শোটি দেখানো হতো। তিনি নিজেই অনুষ্ঠানটির উপস্থাপনা করতেন। ওসাকার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা মাহমুদ মাগহাজি বলেন, “মুরসি সব মিশরীয়দের প্রেসিডেন্ট। তাকে অপমান করা মানে পুরো জাতিকেই অপমান করা।” আদালতের এক সূত্র জানিয়েছে, ১শ’ মিশরীয় পাউন্ড জরিমান দিয়ে জামিন নিয়ে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন ওকাশা। প্রেসিডেন্ট মুরসিকে হত্যা করতে প্ররোচিত করার জন্য একটি ফৌজদারি আদালতে ওকাশার বিরুদ্ধে আরেকটি অভিযোগের বিচার চলছে। কথিত আছে, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের দীর্ঘ শাসনামলে ওকাশার সঙ্গে মুবারকের নিরাপত্তা কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিচার চলাকালে বিচার বিভাগীয় প্রধান কর্মকর্তা ওকাশার টেলিভিশন চ্যানেল বন্ধ করার আদেশ দিয়েছিলেন। কিন্তু শনিবার এক আদালতের রায়ে আবার অনুষ্ঠান প্রচারের অনুমতি পেয়েছেন ওকাশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৪ ঘ.