২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্তে ৩০ হাজার ইসরায়েলি সেনা

গাজায় হামাসের সদরদপ্তরে বিমান হামলা চালানোর পাশাপাশি ফিলিস্তিনের অবরুদ্ধ এই অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সৈন্য সমাবেশও ঘটিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

গাজায় হামাসের সদরদপ্তরে বিমান হামলা চালানোর পাশাপাশি ফিলিস্তিনের অবরুদ্ধ এই অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সৈন্য সমাবেশও ঘটিয়েছে ইসরায়েল।

শুক্রবার জেরুজালেমে রকেট হামলার পর গাজায় অভিযান চালাতে ৭৫ হাজার রিজার্ভ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর সীমান্তে সৈন্য সমাবেশের সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় ট্যাংক।

এ বিষয়ে ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিডেয়িার জেনারেল ইয়োয়াভ মোরদেসাই বলেন, “আমরা অভিযান বিস্তৃত করার প্রক্রিয়ায় আছি।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা ইসরায়েল-গাজা সীমান্তে ৩০ হাজার সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার সেখানে কয়েক হাজার সৈন্য নিয়ে যায় ইসরায়েলি সাজোয়া যান।

এদিন হামাস নিয়ন্ত্রিত গাজার প্রধানমন্ত্রী ইসমাইল হেনিয়ের দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর, পুলিশের একটি কম্পাউন্ড ও হামাসের প্রশিক্ষণস্থলে বিমান হামলা চালায় ইসরায়েল।

গাজায় ইসরায়েলের এ বিমান হামলায় আট জন নিহত হয়। এ নিয়ে গত বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলের ‘পিলার অফ ডিফেন্স’ নামের এই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, এই সময়ে হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি নিহত ও অন্তত নয় জন আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় তিনশ’ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

এই অভিযান চালানোর পর থেকে গাজার আটশ’ ৩০টির বেশি স্থাপনায় বিমান হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা মো. সুলাইমান বলেন, ইসরায়েলি জঙ্গিবিমান থেকে ধারাবাহিকভাবে ফেলা বোমার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আবার গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের শব্দও ভেসে আসছে।

“এখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং রাস্তায় বের হওয়া মোটেই নিরাপদ নয়, ” বলেন তিনি।

ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়ে গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রতিবেশি মুসলিম দেশ মিশর ও তিউনিসিয়া।

শুক্রবার মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল গাজা সফর করে ফেরার কয়েক ঘণ্টার মাথায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি বলেছেন, অরক্ষিত অবস্থায় গাজাকে ছেড়ে দেবেন না তিনি।

আর শনিবার সিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী রফিক আবদেস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজা সফর করে গাজার জনগণের প্রতি তাদের ‘নিরষ্কুশ সমর্থন’ প্রকাশ করে।

এ পরিস্থিতিতে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সর্বশেষ ২০০৮ সালে গাজায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। ওই অভিযানে অন্তত এক হাজার চারশ’ মানুষ নিহত হয়।