২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম গ্রেপ্তার

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ত্রিপোলি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী আলী জিদানের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণের তারহুনা এলাকা থেকে মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর লিবিয়ায় যুদ্ধ চলার সময় গাদ্দাফি সরকারের মুখপাত্র হিসেবে ত্রিপোলির রিক্সোস হোটেলে নিয়মিত সাংবাদিকদের সামনে আসতেন মুসা ইব্রাহিম। সে সময় গাদ্দাফিকে উৎখাতে তার অনুগত সৈন্যদের বিরুদ্ধে জাতীয় ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সদস্যদের লড়াইয়ের পাশাপাশি লিবিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ন্যাটো বাহিনী। “লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারহুনা শহর থেকে মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে ত্রিপোলিতে আনা হচ্ছে,” প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়। গত বছর অগাস্টে ত্রিপোলির পতনের পর সর্বশেষ প্রকাশ্যে আসতে দেখা যায় গাদ্দাফির এই সহযোগীকে। মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর বর্ষপূর্তির দিন শনিবার তার এই সহযোগীকে গ্রেপ্তারের খবর জানানো হলো। গত বছর এই দিন নিজ শহর সির্তে আটক হওয়ার পর নিহত হন লিবিয়ার চার দশকেরও বেশি সময়ের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। এদিকে শনিবার লিবিয়ার অন্তর্র্বতীকালীন নেতা মোহাম্মেদ মাগরিফ বলেছেন, গাদ্দাফির মৃত্যুর পর এক বছর পার হলেও লিবিয়া এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। গাদ্দাফি সরকারের পতনে ভূমিকা রাখা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখনো দেশটির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৪৬ ঘ.