ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের পশ্চিম তীরে শনিবার স্থানীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ছয় বছরেরও বেশি সময় পর ফিলিস্তিনে এটিই প্রথম নির্বাচন বলে জানিয়েছে বিবিসি।
এই নির্বাচন আরো আগে হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের গাজা এলাকায় ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের বিরোধিতার কারণে দেরি হয়। হামাস এই নির্বাচন বর্জন করেছে ।
নির্বাচনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ পার্টির প্রার্থীরা স্বতন্ত্র ও দলছুট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে বিভিন্ন বামপন্থী দলগুলোর প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছে।
ফাতাহ পার্টি শাসিত পশ্চিম তীরের অধিবাসীদের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। তাদের অনেকেই এ নির্বাচনকে দেশের রাজনৈতিক অচলাবস্থার প্রদর্শনী হিসেবে বিবেচনা করছে।
পশ্চিম তীরের ৩৫৩টি স্থানীয় সরকার পরিষদের মধ্যে ৯১টিতে প্রথম পর্বের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮১টি পরিষদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় একমাত্র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সকাল ৭ টা থেকে প্রায় ৯শ’ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু অংশে ফিলিস্তিনিদের আংশিক স্বায়ত্ত্বশাসনের অধিকার দেওয়া হয়েছে।
২০০৭ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে হামাসের জয়লাভ করার পর থেকে পশ্চিম তীর ও গাজায় বিভক্ত হয়ে আছে ফিলিস্তিন। নির্বাচনে জিতে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে হামাস। কিন্তু পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হয়নি ফাতাহ।
২০০৫ সালে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয় ইসরায়েল, কিন্তু এলাকাটির চারদিক ঘিরে রেখেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১২ ঘ.
bdnews24