ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার সিরিয়ার আকাশে তুর্কি বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করার পরপরই তুরস্ক তাদের আকাশে সিরিয়ার সব বিমান চলাচল নিষিদ্ধ করে এর পাল্টা জবাব দিয়েছে।
তুরস্ক ও সিরিয়া একে অপরের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এ পাল্টাপাল্টি পদক্ষেপ নিল।
শনিবার মধ্যরাত থেকে সিরিয়া তাদের আকাশে তুরস্কের বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
ওদিকে, তুরস্কও শনিবার রাতেই সেদেশে সিরিয়ার সব বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করে দামেস্ককে তা জানিয়েছে।
কিন্তু রোববার তুরস্ক ওই সিদ্ধান্ত প্রকাশ্যে জানান দিল বলে জানিয়েছে বিবিসি।
গত বুধবার তুরস্ক রাশিয়া থেকে সিরিয়া অভিমুখী একটি যাত্রীবাহী বিমান আঙ্কারায় অবতরণ করিয়ে তল্লাশি চালানো এবং বিমানটিতে গোলাবারুদ বহনের অভিযোগ করায় সিরিয়া ক্ষুব্ধ হয়ে তাদের আকাশে তুর্কি বিমান চলাচল নিষিদ্ধ করে।
আঙ্কারায় অবতরণ করানো ওই বিমানটি সিরিয়ার প্রতিরক্ষা বিভাগের জন্য রাশিয়ার তৈরি গোলাবারুদ বহন করছিল বলে অভিযোগ করেছিল তুরস্ক।
কিন্তু সিরিয়া সঙ্গে সঙ্গে তুরস্কের এ অভিযোগকে মিথ্যা বলে দাবি করে। আটক মাল জনসম্মুখে প্রকাশ করে অভিযোগের সত্যতা প্রমাণেরও দাবি জানায় তারা।
এ নিয়ে দু’ দেশের চলমান উত্তেজনার মধ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তুরস্কের ওই আচরণের জবাবেই সিরিয়ার ওপর দিয়ে তুর্কি বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আর এখন তুরস্কও তাদের ভূখন্ডের ওপর দিয়ে সিরিয়ার বিমান চলাচল নিষিদ্ধ বলে স্পষ্টতই জানিয়ে দিল। এর আগে তুরস্ক তাদের বেসামরিক এয়ারলাইনগুলোকে সিরিয়ার আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল।
একইসঙ্গে অস্ত্র বহনের সন্দেহ দেখা দিলে তারা সিরিয়ার যাত্রীবাহী বিমানে তল্লাশি চালিয়ে যাবে বলেও ঘোষণা দেয়।
সম্প্রতি তুরস্ক সীমান্তে সিরিয়ার গোলায় নাগরিক হতাহতের জেরে দুই দেশের মধ্যে গোলা বিনিময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০০১ঘ.
bdnews24