২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’র নোবেল জয়ে নিশ্চুপ ক্যামেরন

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নোবেল শান্তি পুরস্কার জয়ে ইউরোপীয় দেশগুলোর নেতারা উচ্ছ্বাস প্রকাশ করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

লন্ডন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নোবেল শান্তি পুরস্কার জয়ে ইউরোপীয় দেশগুলোর নেতারা উচ্ছ্বাস প্রকাশ করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এমনকি জার্মানি, ফ্রান্সসহ অন্য দেশগুলোর নেতারা ইইউ’র নোবেল জয়কে নিজ দেশের জন্যও সম্মানের বলে উল্লেখ করেন। বিপরীতে পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা পরে মাত্র দুই বাক্যের একটি বিবৃতিতে অভিনন্দন জানিয়ে দায় সারে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য বারবার অনুরোধ জানানোর পর তার এক মুখপাত্র বলেন, ‘এ ব্যাপারে কোনো মন্তব্য করছি না আমরা।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত দুই বাক্যের বিবৃতিতে বলা হয়, “এই পুরস্কার ইউরোপে, বিশেষ করে মধ্য ও পূর্ব ইউরোপে এর বিস্তার ঘটিয়ে এ অঞ্চলে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ইইউ’র ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি স্বরূপ।” ইইউ’র সদস্য দেশ হলেও সংগঠনটির সঙ্গে যুক্তরাজ্যের কখনোই সুসম্পর্ক ছিলো না। বরং ক্যামেরনের নিজের দল কনজারভেটিভ পার্টির একটি বিশাল অংশ ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধী এবং এ সংগঠনে যুক্ত থাকার ফলে ২০১৫ সালের নির্বাচনে দলটি হারতে যাচ্ছে বলে মনে করেন তারা। ইইউ থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেয়ার দাবি জানানো ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির কাছে কনজারভেটিভ পার্টি ক্রমশঃ জনপ্রিয়তা হারাচ্ছে বলে মনে করছেন ইউরোপিয়ান ইউনিয়নবিরোধী কনজারভেটিভরা। তবে বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার ইইউ, তাই যুক্তরাজ্যকে এর সদস্য হিসেবে দেখতে চান ক্যামেরন নিজে। কিন্তু ইউরো জোনের ঋণ সঙ্কটের মতো ব্যাপারগুলোতে নিজেদের জড়াতে বা ব্রাসেলসের কাছ থেকে ক্ষমতা নিজেদের হাতে ফিরিয়ে নিতে চান না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৭ ঘ.