আবুজা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েকশত নাইজেরিয়া নারী হজ্বযাত্রীকে কারাগারে পাঠানোর জেরে শুক্রবার থেকে সৌদি আরবে হজ্বযাত্রীদের পাঠানো স্থগিত করেছে নাইজেরিয়া সরকার। বিষয়টি নিয়ে সৌদি আরব ও নাইজেরিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
পুরুষ সঙ্গী ছাড়া কয়েকশত নাইজেরিয় নারী হজ্বযাত্রী সৌদি আরবে হাজির হলে তাদের মধ্যে ৬’শ জনকে জোর করে দেশে ফেরত পাঠিয়ে দেয় সৌদি কর্তৃপক্ষ। কোনো পুরুষ আত্মীয় ছাড়াই মক্কা শহরে প্রবেশের চেষ্টা করায় অপর কয়েকশ নাইজেরিয় নারীকে আটক করে।
নাইজেরিয়ার জাতীয় হজ্ব কমিশনের মুখপাত্র উবা মানা বলেন, “আকাশপথে যাত্রী পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর মানে এই নয় যে আকাশপথে সৌদি আরব গেলেই আটক করা হবে। সব কিছু মিটে গেলে আবার হজ্বযাত্রী পাঠানো শুরু হবে।”
সৌদি আরবে নারীদের পুরুষদের অধস্তন গণ্য করা হয়। নারীদের কোথাও যেতে হলে, কোনো কাজে যোগ দিতে চাইলে, এমনকি চিকিৎসার জন্যও পুরুষ অভিভাবকের (বাবা, ভাই বা স্বামী) অনুমতি নিতে হয়।
সেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই আর নারীর সঙ্গে সবসময় পুরুষ তত্ত্ববধায়ক থাকবে বলে প্রত্যাশা করা হয়।
সৌদি আরবের হজ্ব মন্ত্রণালয়ের মুখপাত্র হাতিম খাদি বলেন, “নাইজেরিয় নারীদের ভিসার শর্ত ছিল তাদের সঙ্গে অবশ্যই ভাই, স্বামী বা অন্য কোনো পুরুষ আত্মীয় অভিভাবক হিসেবে থাকবে।”
“যারা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। আর যারা পুরুষ অভিভাবকের সঙ্গে আসেনি তাদের ঢুকতে দেওয়া হয়নি, তারা তাদের পাসপোর্টে উল্লেখিত নিয়ম লঙ্ঘণ করেছিল,” বলেন তিনি।
নাইজেরিয়ায় প্রায় ৮ কোটি মুসলমান। এদের অনেকেই সৌদি আরবের মতো ইসলামের কঠোর ধারার অনুসারী নয়। সেখানে নিজেদের চলাফেরার ব্যাপারে নারীরা মোটামুটি স্বাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৬৩৭ ঘ.
bdnews24