২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ধনীদের ওপর করের বোঝা

নতুন বাজেটে শীর্ষ ধনীদের ওপর ৭৫ শতাংশ হারে কর আরোপ করা হলেও ৯০ শতাংশ মানুষের কর বাড়ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

প্যারিস, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের ২০১৩ সালের বাজেটে করের বোঝা চেপেছে দেশের শীর্ষ ধনীদের ওপর। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ-মার্ক আরায়ো শুক্রবার জানান, বছরে যাদের আয় ১০ লাখ ইউরোর বেশি তাদেরকে ৭৫ শতাংশ হারে কর দিতে হবে। প্রায় দুই হাজার করদাতাকে সর্বোচ্চ এ হারে কর পরিশোধ করতে হবে বলে গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে। সোস্যালিস্ট পার্টির নেতা ফ্রাঁসোয়া হল্যান্ড দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাসের মাথায় ধনীদের ওপর উচ্চ হারে এ কর আরোপের সিদ্ধান্ত নেয়া হলো। গত মে মাসের নির্বাচনে ইউনিয়ন ফর অ্যা পপুলার মুভমেন্টের (ইউএমপি) নেতা নিকোলাস সারকোজিকে হটিয়ে প্রেসিডেন্ট হন তিনি। নতুন বাজেটে দেশটির ৯০ শতাংশ মানুষের ওপর কর বাড়বে না বলে জানান প্রধানমন্ত্রী। নতুন বাজেটে দেড় লাখের বেশি ইউরো উপার্জনকারীদের ওপর ৪৫ শতাংশ হারে কর আরোপ করা হচ্ছে। নতুন এ বাজেটকে ‘একটি সাহসী, দায়িত্বশীল ও বিজয়ের বাজেট’ হিসেবে আখ্যায়িত করে ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেন, বাজেটের গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে নতুন এ কর হার নির্ধারণ অন্যতম। ফ্রান্সে উচ্চবিত্তদের ওপর নির্ধারিত নতুন এ কর হার গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন এ বাজেটে পেনশন ও ঋণ পরিশোধ ছাড়া অন্যান্য খাতে সরকারি ব্যয় কমানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে বছরে তিন হাজার কোটি ইউরো সঞ্চয়ের পরিকল্পনা নেয়া হয়েছে। এতে বর্তমানের জাতীয় আয়-ব্যয়ের ঘাটতি সাড়ে ৪ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা যাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। মোট তিন হাজার কোটি ইউরোর মধ্যে কর বৃদ্ধি থেকে দুই হাজার কোটি ইউরো সংগ্রহ এবং ব্যয় কমানোর মাধ্যমে এক হাজার কোটি ইউরোর মত সঞ্চয়ের পরিকল্পনা করেছে ফ্রান্সের সরকার। তবে নতুন এ হারে কর নির্ধারণ করা হলে দেশ ত্যাগের হুমকি দিয়েছে ফ্রান্সের শীর্ষ আয়ের কয়েকজন ব্যবসায়ী ও কয়েকটি প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/২২১৮ ঘ.