২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-জাপানকে ‘মাথা ঠাণ্ডা’ রাখার আহ্বান হিলারির

পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপ নিয়ে জাপান ও চীনের মধ্যে চলমান বিরোধ তিক্ত হয়ে ওঠার আগেই ‘ঠাণ্ডা মাথায়’ সমস্যা মোকাবিলা করার জন্য দেশদু’টির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপ নিয়ে জাপান ও চীনের মধ্যে চলমান বিরোধ তিক্ত হয়ে ওঠার আগেই ‘ঠাণ্ডা মাথায়’ সমস্যা মোকাবিলা করার জন্য দেশদু’টির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগ দেওয়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচির সঙ্গে নিউইয়র্কে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, “উত্তেজিত না হয়ে চীন ও জাপানকে ঠাণ্ডা মাথায় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।” “আমরা বিশ্বাস করি, এই সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করে উত্তেজনা নিরসনের করার মতো সামর্থ্য, সম্পদ ও প্রভাব জাপান ও চীনের আছে, দু’পক্ষের প্রতি এটিই আমাদের বার্তা,” বলেন তিনি। চীনে দিয়াওউ ও জাপানে সেনকাকু নামে পরিচিত পূর্ব চীন সাগরের একটি দ্বীপমালা নিয়ে জাপানের সঙ্গে চীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৮৯৫ সালের এক যুদ্ধে চীনের তৎকালীন রাজাকে পরাজিত করে দ্বীপগুলো দখল করে নিয়েছিল জাপান। চলতি মাসের প্রথম দিকে জাপানি ব্যক্তিমালিকানায় থাকা দ্বীপগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত জানায় জাপান সরকার। দ্বীপগুলোর ওপর চীনের ঐতিহাসিক সার্বভৌমত্ব দাবি করে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় চীন। জাপানবিরোধী তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চীন। বিরোধপূর্ণ দ্বীপের জলসীমায় টহল জাহাজ পাঠায় চীন। চীনা সংস্কৃতি ও ইতিহাসের উত্তরাধিকারের দাবিতে তাইওয়ানও দ্বীপগুলোর ওপর মালিকানা দাবি করে। তারাও বিতর্কিত জলসীমায় জাহাজ পাঠায়। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণের একটি পর্যায়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বিতর্কিত ওই দ্বীপগুলো ওপর চীনের মালিকানা দাবি পুনরোল্লেখ করেন। তিনি জানান, প্রাচীন কাল থেকে দ্বীপগুলো চীনের মালিকানায় থাকলেও ১৮৯৫ সালে চীনের কুয়িং রাজবংশকে যুদ্ধে পরাজিত করে দ্বীপগুলো জাপান দখল করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৬ ঘ.