২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্সের মতো’ নতুন ভাইরাসের খোঁজ

২০০২ সালে বিশ্বে যে সার্স ভাইরাস ছড়িয়ে শ্বাসকষ্টজনিত কারণে শ’শ’ মানুষ মারা গিয়েছিল, কাতারের এক ব্যক্তির দেহে ঠিক তেমনই আরেক ভাইরাসের খোঁজ পেয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৩ সালে বিশ্বে যে সার্স ভাইরাস ছড়িয়ে শ্বাসকষ্টজনিত কারণে শ’শ’ মানুষ মারা গিয়েছিল, কাতারের এক ব্যক্তির দেহে ঠিক তেমনই আরেক ভাইরাসের খোঁজ পেয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। ৪৯ বছর বয়স্ক ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার থেকে লন্ডনের হাসপাতালে নেয়া হয়। তিনি এ ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি। এর আগে সৌদি আরবে এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায় বিবিসি। নতুন এ ভাইরাসটি কী ধরনের হুমকি হতে পারে কর্মকর্তারা তা নির্ধারণের চেষ্টা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ব্যাপারে ভ্রমণের ওপর কোন কড়াকড়ি আরোপ করেনি। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার বক্ষব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক জন ওয়াটসন জানিয়েছেন, ভাইরাসটি একজন থেকে অন্যজনের দেহে সংক্রমিত হচ্ছে কিনা এখনো তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আর জনসাধারণ কিংবা ভ্রমণকারীদের উদ্দেশেও তিনি কোন পরামর্শ দেননি। নতুন ভাইরাসটি করোনাভাইরাস প্রজাতির। এ প্রজাতির বেশ কয়েকটি ভাইরাসে আক্রান্ত হলে মানুষ সাধারণ সর্দি বা মারাত্মক শ্বাস-কষ্টের শিকার হয়। এর আগে মানবদেহে চিহ্নিত যেকোন করোনাভাইরাসের চেয়ে নতুন ভাইসরাটি ভিন্ন প্রকৃতির। গত তিন মাসে মধ্যপ্রাচ্যে আরো কয়েকজন মারাত্মক শ্বাস-কষ্টে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজনকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেয়া হলেও তিনি মারা যান। তবে যুক্তরাজ্যে চিকিৎসাধীনরাসহ এরা সবাই একই ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনো প্রমাণিত হয়নি। ২০০২ সালে সার্স ভাইরাস হংকং থেকে আরো ৩০ টি দেশে ছড়িয়ে পড়লে ৮০০ জন মানুষ মারা যায়। ২০০৩ সাল জুড়ে এর প্রকোপ দেখা যায়। অন্যান্য করোনাভাইরাসের মত এ ভাইরাসটিও হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৯ঘ.