২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব, পাকিস্তানে নিহত ১৫

‘ইসলাম অবমাননা’র বিতর্কিত চলচ্চিত্র নিয়ে শুক্রবার নতুন করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের মুসলিম দেশগুলো। পাকিস্তানে সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘ইসলাম অবমাননা’র বিতর্কিত চলচ্চিত্র নিয়ে শুক্রবার নতুন করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের মুসলিম দেশগুলো। পাকিস্তানে সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। পাকিস্তানে শুক্রবার জুমার নামাজের দিনটিকে ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসার দিন’ ঘোষণা করে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানানো হয়। এ আহ্বানে সাড়া দিয়ে জনতা আবার চলচ্চিত্র এবং ব্যঙ্গচিত্রে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদ জানায়। মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বানের সত্ত্বেও বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পাকিস্তানের পেশাওয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধরা দুটো সিনেমা ভবনে হামলা চালায় এবং ভাঙচুর করে। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি ছুড়লে নিহত হয় একটি টিভি স্টেশনের এক গাড়িচালক। আহত হয় ৭ জন। রাওয়ালপিন্ডি, লাহোর করাচিতেও পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভ হয়েছে ইসলামাবাদ, মুলতান এবং মুজাফফরবাদেও। করাচিতে সহিংসতায় তিন পুলিশসহ ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বিক্ষুব্ধরা ২০টি গাড়ি, তিনটি ব্যাংক এবং ৫টি সিনেমাহলে আগুন দিয়েছে। পেশেয়ারে নিহত হয়েছে অন্তত ৫ জন। এর আগে বৃহস্পতিবারও রাজধানী ইসলামাবাদে সহিংস প্রতিবাদ-বিক্ষোভ করে মুসলিমরা। যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ নিয়ে মুসলিমদের ক্ষোভ প্রশমনে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ছবিটির নিন্দা সম্বলিত বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিয়েছে। কিন্তু ছবিটি নিয়ে ছড়িয়ে পড়েছে চরম অস্থিরতা। বিক্ষোভ উস্কে দেয়ার দায় মূলত যুক্তরাষ্ট্রের হলেও মুসলিমদের পশ্চিমা-বিদ্বেষ আরো জ্বলে উঠেছে ফ্রান্সের ম্যাগাজিনে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে স¤প্রতি প্রকাশিত ব্যঙ্গচিত্রের ঘটনায়। শুক্রবার মুসলিম বিশ্বজুড়ে বিক্ষোভের আশঙ্কায় আগেই তা মোকাবেলার প্রস্তুতি নিয়েছিল বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দূতাবাস বন্ধ রাখা হয়। লিবিয়া, তিউনিশিয়াসহ অন্যান্য দেশে দূতাবাসগুলোতে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফ্রান্সের চারলি হেবডো বুধবার মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পরই সহিংসতার আশঙ্কায় ফ্রান্স শুক্রবার ২০ টি দেশে তাদের দূতাবাস বন্ধ রাখাসহ নিরাপত্তা জোরদার করে। ম্যাগাজিনটি এ ব্যঙ্গচিত্রের আরো ৭০ হাজার কপি ছাপছে বলে খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে শুক্রবার তিউনিশিয়ায় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামাজিক গণমাধ্যমে বিক্ষোভের ডাক দেয়া হয়। লিবিয়ার বেনগাজিতে জিহাদি মিলিশিয়া গোষ্ঠী আনসার আল শারিয়া বিক্ষোভের ডাক দেয়। এ গোষ্ঠীই মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেও শুক্রবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে ২ হাজারের বেশি মানুষ। এছাড়া, আফগানিস্তান, লেবানন, মিশর, ইয়েমেনসহ অন্যান্য দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৮ঘ.