২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ৩ শতাধিক সেনা কর্মকর্তার কারাদণ্ড

সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে ৩ শতাধিক সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 04:33 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সিলিভ্রাই (তুরস্ক), সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে ৩ শতাধিক সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। প্রায় এক দশক আগে প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল বলে দেশটির সেনা বাহিনীর ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শুক্রবার দেশটির আদালতের এই রায়ের মধ্যদিয়ে এক সময়কার দেশটির শক্তিশালী সেনা বাহিনীর ওপর বেসামরিক সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল বলে মনে করা হচ্ছে ইস্তাম্বুলের পশ্চিমাঞ্চলে সিলিভ্রাই আদালত ৩২২ সেনা কর্মকর্তাকে কারাদণ্ডের আদেশ দেয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কর্মরত ও সাবেক সেনা কর্মকর্তারাও রয়েছেন। আদালত ৩৪ কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত দুই জেনারেল ও একজন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল রয়েছেন। এই তিন শীর্ষ সাবেক কর্মকর্তাকে তথাকথিত ‘স্লেজহ্যামার’ ষড়যন্ত্রের নেতা বলে ধরা হয়। তাদের তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর তাদের আত্মীয়-স্বজনেরা আদালত কক্ষে কান্নায় ভেঙ্গে পড়েন। ২০০৩ সালে ওই ষড়যন্ত্রের মাধ্যমে ওই সামরিক কর্মকর্তারা এরদোগানের সরকারকে উৎখাতের পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়। তুরস্কের শীর্ষ সেনা নেতৃত্বের দেশের রাজনীতিতে সম্পৃক্ততার ইতিহাস দীর্ঘদিনের। তুর্কি সেনাবাহিনী নিজেদের দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের রক্ষক বলে মনে করে। ১৯৬০, ১৯৭১ ও ১৯৮০ সালে তুর্কি বাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে। ১৯৯৭ সালে ইসলামপন্থী সরকারকে ক্ষমতা থেকে সরাতে আবারও অভ্যুত্থান ঘটনায় তুর্কি সেনা বাহিনী। এরদোগানের ইসলামি ভাবধারার একে পার্টি একদশক আগে দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতায় আসার পর থেকেই তারা গণতন্ত্রকে অধিক শক্তিশালী করার লক্ষ্যে নীতি নির্ধারণ এবং মন্ত্রী পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব কমিয়ে আনে। ২০০৭ সালে তুর্কি সরকার দাবি করে তাদের কাছে প্রমাণ আছে যে ‘এরজেনেকোন’ নামের একটি গোপন সংগঠন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। ওই সময় সরকার আরো দাবি করে, এরজেনেকোন সংগঠনটি দেশটির সেনাবাহিনী ও বিচার বিভাগের একটি অংশের সহায়তায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরপরই দেশটির সরকার তুরস্কের ইতিহাসের অন্যতম বৃহৎ তদন্ত অভিযান পরিচালনা শুরু করে। আর এর সঙ্গে জড়িত সামরিক ও বেসামরিক শত শত ব্যক্তিকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩০ ঘ.