২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরাক হয়ে ইরানি অস্ত্র, সেনা যাচ্ছে সিরিয়ায়’

ইরাকের আকাশপথে বেসামরিক বিমানে করে সামরিক কর্মকর্তাসহ বিপুল পরিমাণ অস্ত্র সিরিয়ায় পাঠাচ্ছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের আকাশপথে বেসামরিক বিমানে করে সামরিক কর্মকর্তাসহ বিপুল পরিমাণ অস্ত্র সিরিয়ায় পাঠাচ্ছে ইরান। সিরিয়ায় ১৮ মাসের সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এভাবেই সহায়তা করছে বলে জানানো হয়েছে পশ্চিমা এক গোয়েন্দা প্রতিবেদনে। এ মাসের শুরুর দিকে ইরানের এ সমস্ত ফ্লাইট নিয়ে ইরাককে জিজ্ঞাসাবাদ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। ইরাক ফ্লাইটগুলো বন্ধ না করলে বাগদাদে মার্কিন সাহায্যের বিষয়টি নতুন করে ভেবে দেখা হবে বলেও হুমকি দেন তারা। তবে ইরাক ইরানের এ ধরনের কোনোরকম ফ্লাইটের জন্য তাদের আকাশপথ ব্যবহার করতে দেওয়ার কথা অস্বীকার করেছে। তারপরও পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান থেকে প্রচুর অস্ত্র ইরাক হয়ে সিরিয়ায় যাচ্ছে। আর অস্ত্র চালানের এ কাজটি করছে ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (অইআরজিসি)। “ইরান থেকে প্রায় প্রতিদিনই ইরাক হয়ে বিমানে করে আইআরজিসি’র সেনা কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক অস্ত্র সিরিয়ার নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত মিলিশিয়াদের কাছে যাচ্ছে”, বলা হয় প্রতিবেদনে। তাছাড়া, ইরাক ভূখন্ড দিয়ে ট্রাকে করেও দামেস্ক কর্তৃপক্ষের কাছে ইরান রসদ সরবরাহ করে যাচ্ছে বলে জানানো হয়েছে এতে। দামেস্কে ইরানের অস্ত্র পাঠানোয় ইরাকের সহযোগিতার এ অভিযোগ নতুন নয়। তবে এ সহায়তার মাত্রা প্রকাশ্যে যতটুকু স্বীকৃত, প্রকৃতপক্ষে তা এর চেয়ে অনেক বেশি এবং নিরবিচ্ছিন্ন বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। পশ্চিমা কূটনীতিকরা এ প্রতিবেদনকে বিশ্বাসযোগ্য বলেই মানছেন। কিন্তু ইরানের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির গণমাধ্যম উপদেষ্টা আলি আল মুসাউই প্রতিবেদনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৭ঘ