২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানকে কড়া হুঁশিয়ারি চীনের

জাপানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট এবং ভবিষ্যৎ নেতা হিসাবে বিবেচিত শি জিনপিং। তিনি বলেন, জাপানকে ‘আচরণ সংযত’ করতে হবে, বন্ধ করতে হবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বেইজিং, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট এবং ভবিষ্যৎ নেতা হিসাবে বিবেচিত শি জিনপিং। তিনি বলেন, জাপানকে ‘আচরণ সংযত’ করতে হবে, বন্ধ করতে হবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপ কেনার জাপানের সিদ্ধান্তকে ‘প্রহসণ’ আখ্যা দিয়ে শি এর নিন্দা করেছেন বলেও জানানো হয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে। চীনে চলমান জাপানবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে শি এ মন্তব্য করলেন। সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, চীন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টার সঙ্গে বৈঠকে শি জিনপিং বলেছেন, জাপানকে সংযত আচরণ করতে হবে। সেইসঙ্গে চীনের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয় এমন কোনো কথা বলা বা কাজ করা বন্ধ করতে হবে জাপানকে। এর আগে এক খবরে দ্বীপ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে ব্যবসা-বাণিজ্যে যে কোনোরকম ক্ষতির ‘পুরো দায়’ জাপানকেই নিতে হবে বলে মন্তব্য করেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন দানিয়াং। গত সপ্তাহে চীনের উপ বাণিজ্যমন্ত্রী জিয়াং জেংউই জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে উত্তেজনার কারণে দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে চীনজুড়ে জাপান বিরোধী বিক্ষোভে ইতোমধ্যেই ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হয়েছে। চীনে বিক্ষোভের মুখে দেশটিতে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাজ ব্যাহত হচ্ছে। চীনে কয়েক দিনের জাপান বিরোধী বিক্ষোভ মঙ্গলবার চরমে পৌঁছানোয় বহুসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করে তা দমনের চেষ্টা শুরু করেছে চীন। গত সপ্তাহে পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনের ছয়টি টহল জাহাজ পাঠানো নিয়ে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। এরপর থেকে জাপানবিরোধী বিক্ষোভ চলছে চীনে। পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বপটিকে চীন ডাকে ‘দিয়াওউ’ আর জাপান ডাকে ‘সেনকাকু’ নামে। জাপান ওই দ্বীপ কেনার সিদ্ধান্ত জানালে ক্ষুব্ধ চীন একে উস্কানিমূলক এবং তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করে। এরপরপরই ওই দ্বীপপুঞ্জের কাছে জলসীমায় টহল জাহাজ পাঠায় চীন। পূর্ব চীন সাগরের জনবসতিবিহীন কিন্তু খনিজে সমৃদ্ধ ওই দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে চীন, জাপান এমনকি তাইওয়ানও। ওকিনাওয়ার দক্ষিণে ও তাইওয়ানের উত্তরে অবস্থিত এ দ্বীপগুলো সমুদ্রপথে গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে পড়েছে। এছাড়া এগুলোর কাছাকাছি অঞ্চলে সমুদ্রতলে একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে বলে মনে করা হয়। চীনা গণমাধ্যম জানিয়েছে, টহল জাহাজগুলোর মাধ্যমে নৌ বাহিনীর অধিকার প্রতিষ্ঠা এবং নজরদারি চলছে। অন্যদিকে, জাপান বলছে, চীন তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে। ওদিকে, জাপান দ্বীপটিকে নিজের সম্পত্তি মনে করছে অভিযোগ করে বেইজিংয়ে বিক্ষোভ করছে ক্ষুব্ধ চীনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২২০৩ ঘ.