ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ার রাজধানী দামেস্ক এবং উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় নতুন করে শুরু হয়েছে তুমুল লড়াই।
সরকারি বাহিনী সাধারণ মানুষের ওপর বেপরোয়া বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শহরতলী হাজার-আল-আসোয়াদের দিকে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী।
ফলে ওই এলাকার অধিবাসীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। সেনারা বিভিন্ন জায়গায় বিমান থেকে বোমাবর্ষণের পাশাপাশি ভারী অস্ত্রের হামলা চালিয়ে সামনে এগুচ্ছে।
সেনারা ‘সন্ত্রাসী’র নামে বহু মানুষকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, সেনারা হাজার আল আসওয়াদের দিকে গেছে। সেখানে একটি সমাধিস্থলের কাছে ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’র সঙ্গে লড়াইয়ে তারা ওই গোষ্ঠীর বেশ কিছু সংখ্যক সদস্যকে হত্যা করেছে। রাস্তাগুলো সন্ত্রাসীমুক্ত করতে হত্যা করা হয়েছে অন্যদেরও।
এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেনাবাহিনীর বিমান ও গোলা হামলায় ইদলিব এবং হামায় বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা অস্বাভাবিকরকম বেড়ে যাচ্ছে বলে সতর্ক করেছে।
বুধবার সেনারা দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়াধামিয়া, জাদিদাত আরতোজ, কানাকির,উত্তরপশ্চিমের কুদসায়া শহরতলী এবং দক্ষিণের কাদ্দাম এলাকায় হামলা চালাচ্ছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকর্মীরা।
তারা জানায়, সেনারা হেলিকপ্টার গানশিপ থেকে রকেট হামলা চালাচ্ছে এবং ২০ টির বেশি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর প্রমাণস্বরূপ আন্দোলনকর্মীরা অনলাইনে একটি ভিডিও পোস্ট করে।
জোবার এলাকায় সেনাদের হাতে হত্যার শিকার অন্তত ২০ টি মৃতদেহ পাওয়ার কথাও জানিয়েছে আন্দোলনকর্মীরা।
আলেপ্পা ঘিরে বাব আল হাদিদ এবং বাব আল নাসারসহ কয়েকটি শহরের কেন্দ্রস্থলে সেনারা হামলা চালিয়েছে। দূরবর্তী হানানু এবং আল বাবেও চলেছে হামলা।
বুধবার সিরিয়াজুড়ে হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এরমধ্যে ২৮ জন দামেস্কয় নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীদের স্থানীয় সমন্বয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৭৫৭ঘ.
bdnews24