সেপ্টেম্বর, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ায় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ইউএসএআইডি’।
রাশিয়া কর্তৃপক্ষের কাছ থেকে সংস্থাটির কার্যক্রম বন্ধ করার নির্দেশের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।
ইউএসএআইডি’র বিরুদ্ধে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করে রাশিয়া সরকার এ সংস্থাটিকে কার্যক্রম বন্ধের জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
ইউএসএআইডি রাশিয়ায় দু’দশক ধরে কাজ করে আসছিল। রাশিয়ায় উন্নয়ন এবং গণতান্ত্রিক কর্মসূচির সহায়তায় প্রায় ৩শ’ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে সংস্থাটি।
খবরে বলা হয়েছে, গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর ওপর সরকারের দমনপীড়নের পর রাশিয়া ইউএসএআইডি কে বহিষ্কারের এ নির্দেশ দিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “সংস্থাটির কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রম এবং মানবিক সহায়তা দেয়ার কাজের বাইরে তহবিল সহায়তা দিয়ে রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করার কারণেই তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনও ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, তারা রাশিয়ায় সরকার বিরোধীতা এবং রাজনৈতিক পরিবর্তন উস্কে দিচ্ছে। রাশিয়ার এনজিও এবং গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে তহবিল যোগানোর মধ্য দিয়ে তারা একাজ করছে।
পুতিনের মতো রাশিয়ার অন্যান্য সরকারি কর্মকর্তারাও সেদেশে ইউএসএআইডি’র নাগরিক সমাজ গঠনের কার্যক্রমকে বিপ্লব উস্কে দেয়ার প্রচেষ্টা হিসাবেই দেখে।
যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে রাশিয়ার এ সন্দেহ আরো বেড়ে গেছে বলে মস্কো থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৪০ঘ.
bdnews24