২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সমুদ্র সৈকতের অবকাশ কেন্দ্রগুলো বন্ধ হবে না

মিশরে সমুদ্র সৈকত ঘিরে গড়ে ওঠা পর্যটন ব্যবসা অব্যাহত থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্টের পর্যটনমন্ত্রী হিশাম জায়াজৌ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

কায়রো, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সমুদ্র সৈকত ঘিরে গড়ে ওঠা পর্যটন ব্যবসা অব্যাহত থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্টের পর্যটনমন্ত্রী হিশাম জায়াজৌ। সৈকত ঘিরে গড়ে ওঠা পর্যটন ব্যবসাকে মিশরের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। হোসনি মুবারকের পতনের আগে মিশরের অর্থনীতিতে পর্যটন শিল্পের ১০ শতাংশ অবদান ছিল। মুবারকের পতনের আগে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে পর্যটন শিল্পে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সরিয়ে নেয়। এতে পর্যটকের মিছিলেও ভাটা পড়ে। পর্যটন শিল্পকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জায়াজৌকে। তিনি বলেছেন, এই খাতে ইসলামি বিনিয়োগ আসলে তাকে স্বাগত জানানো হবে। তবে পূর্ববর্তী বিনিয়োগকারীদের স্বার্থও রক্ষা করা হবে। মুবারক আমলে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। সেই ব্রাদারহুডের প্রার্থীই মিশরের প্রথম অবাধ নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হওয়ার পর পর্যটন শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়। লোহিত সাগরের তীরের শারম আল শেখ সৈকতের অবকাশ কেন্দ্রসহ সৈকতভিত্তিক অবকাশ কেন্দ্রগুলোর ভবিষ্যৎ কী এমন প্রশ্নগুলো মুসলিম ব্রাদারহুডের কর্মকর্তারা এতোদিন এড়িয়ে যেতেন। এসব থেকেও উদ্বিগ্ন হওয়ার মতো আরো অনেক গুরুতর বিষয় আছে বলে যুক্তি দেখাতেন তারা। ফারাওদের পুরাকীর্তিগুলোর জন্য মিশর বিখ্যাত হলেও অনেক পশ্চিমা ও অন্যান্য দেশের পর্যটকদের কাছে লোহিত সাগরের সৈকতগুলোর আকর্ষণও কম নয়। জায়াজৌ বলেন, “বর্তমান সরকার, বর্তমান প্রেসিডেন্ট পর্যটন শিল্পকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। প্রত্যেকেরই জানা উচিত সৈকতের পর্যটন থেকে মিশরের ৭০ শতাংশ বৈদেশিক মুদ্রা আয় হয়। তাই এটা অপরিবর্তিত থাকবে।” “যদি সৈকত পর্যটনে জন্য বিশেষ কোনো বিনিয়োগ প্রস্তাব আসে, যেমন আরব বিনিয়োগকারী বা ইসলামি কোনো বিনিয়োগ, তবে তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে এটি চলমান সৈকত পর্যটনের বিকল্প হিসেবে নেওয়া হবে না,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৬ ঘ.