ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমেরিকার ৪৭ শতাংশ ভোটার, যারা প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করেন, তারা সবাই ‘সরকারের টাকায় চলা’ ও ‘দায়িত্বহীন’ লোক বলে মনে করেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি।
ব্যক্তিগত তহবিল সংগ্রহের এক নৈশভোজে মিট রমনিকে এভাবেই ভোটারদের প্রতি নিজের বিরূপ মনোভাব প্রকাশ করেতে দেখা যায় গোপন ক্যামেরায় তোলা এক ভিডিওতে। সোমবার ভিডিওটি মাদার জোন্স সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়।
জনমত জরিপে ইতোমধ্যে পিছিয়ে পড়া রমনিকে ওই ভিডিওতে বলতে দেখা যায়, “প্রায় ৪৭ শতাংশ মানুষ তার (ওবামা) সঙ্গে আছে, যারা সরকারের ওপর নির্ভর করে চলে। তারা বিশ্বাস করে যে তারা পরিস্থিতির শিকার, আর তারা মনে করে, তাদের দেখভাল করা সরকারেরই দায়িত্ব।”
“আমি কখনোই তাদের (ভোটারদের) বিশ্বাস করাতে পারব না যে তাদের উচিৎ নিজেদের দায়িত্ব নিজেদের নেয়া”, বলেন রমনি।
তিনি কটাক্ষ করে বলেন, “তারা ওই বাগাধারাটি পছন্দ করে, ‘আমাদের মাথার ওপর তিনি আছেন’।”
রমনি বলেন, “এসব মানুষকে নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি তাদের মূল ধারার ‘স্বনির্ভর’ ৫ থেকে ১০ শতাংশ ভোটারকে বোঝানোর চেষ্টা করবো।”
এসব কথা বলেই তার নির্বাচনী তহবিলের জন্য চেক লিখতে দাতাদের উৎসাহ দেন রমনি।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রমনি এখন কঠিন সময় পার করছেন। তার ঘনিষ্ঠ চক্রের মধ্যেই বিশৃঙ্খলা চলছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। এমন সময় তার নির্বাচনী অভিযানে এই ভিডিওর প্রভাব মারত্মক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হিস্পানিক ভোটারদের মধ্যে ওবামার ব্যাপক জনপ্রিয়তা নিয়েও কটাক্ষ করেন রমনি। তিনি বলেন, “আমার যদি মেক্সিকান পূর্বসূরী থাকত, তাহলে হয়তো আমি জিততে পারতাম।”
ডেমক্রেট কৌশলপ্রণয়নকারীদের বিশ্বাস, এই হিস্পনিক ভোটাদের ভোটই নির্বাচনে ওবামাকে জেতাতে মূল ভূমিকা রাখতে পারে।
ভিডিওটি ঠিক কবে, কোথায় ধারণ করা হয়েছিল সে বিষয়ে মাদার জোন্সের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে চলতি বছরের শুরুর দিকে কোনো এক সময় রমনির সেই নৈশভোজ হয় বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৬ নভেম্বরে ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ জানাবে, প্রেসিডেন্ট হিসাবে তারা কাকে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১০০৭ ঘ.
bdnews24