ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেবাননের প্রভাবশালী শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইসলাম অবমাননাকারী’ ছবির প্রতিবাদে সোমবার দেশজুড়ে নতুন করে প্রতিবাদ-বিক্ষোভ ডেকেছে।
হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরাল্লাহ বলেন, “এ অপমানের মুখে মুসলমানরা চুপ করে থাকবে না; বিশ্বের তা জানা প্রয়োজন।”
বিই বিতর্কিত ওই চলচ্চিত্রকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কেন্দ্রগুলোর সামনে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশন স্টেশন থেকে সম্প্রচারিত ভাষণে শেখ নাসারাল্লাহ আগামী সপ্তাহে কয়েক দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
প্রথম প্রতিবাদ কর্মসূচিটি সোমবার বিকালে দক্ষিণ বৈরুতের শহরতলীতে অনুষ্ঠিত হবে। বৈরুতের এ এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি।
ইন্টারনেটে প্রকাশিত চলচ্চিত্রটিকে ইসলামের জন্য এ পর্যন্ত সবচেয়ে অপমানজনক বলে মন্তব্য করেছেন শেখ নাসারল্লাহ।
সালামান রুশদীর উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ এবং ২০০৫ সালে ডেনমার্কে প্রকাশিত মহানবী (সাঃ) কার্টুনের চেয়ে এই চলচ্চিত্রকে বেশি অপমানজনক বলে চিহ্নিত করেন তিনি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনি লেবানন সফররত পোপের তিনদিনের আনুষ্ঠানিক সফর শেষ হওয়ার জন্য অপেক্ষা করে ছিলেন।
তিনি বলেন, “চলচ্চিত্রটির জন্য যাদের সরাসরি দায়ী বলে ধরা হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেয়া হবে। আর যারা এই চলচ্চিত্রের পেছনে সমর্থন যুগিয়েছে, এর নির্মাতাদের রক্ষা করেছে; এক্ষেত্রে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে বয়কট করা হবে।”
তিনি জোর দিয়ে বলেন, ইসলাম ও অন্যান্য ধর্মগুলোর অবমাননা রোধে একটি প্রায়োগিক আন্তর্জাতিক আইন প্রণয়নের জন্য আরব ও মুসলিম দেশগুলোর চাপ সৃষ্টি করা উচিত।
সম্প্রতি লেবাননে চলচ্চিত্রটির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। কিন্তু এর সবগুলোই প্রধানত উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতেই হয়েছে, যা সুন্নি প্রধান শহর হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৪ঘ.
bdnews24