২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ইরানি সেনা!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সদস্যরা সিরিয়ায়। তারা সেখানে বেসামরিক সহায়তায় নিয়োজিত। কিন্তু সিরিয়া আক্রান্ত হলে তারা সামরিক সহায়তাও দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

দুবাই, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সদস্যরা সিরিয়ায়। তারা সেখানে বেসামরিক সহায়তায় নিয়োজিত। কিন্তু সিরিয়া আক্রান্ত হলে তারা সামরিক সহায়তাও দেবে। রোববার এমন কথাই জানিয়েছেন আইআরজিসি’র কমান্ডার ইন চীফ মোহম্মদ আলি জাফারি। সিরিয়ার মাটিতে যে ইরানের সামরিক উপস্থিতি রয়েছে ঊর্ধ্বতন সামরিক কমান্ডারের এ উক্তি তারই প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি। তবে সেনাসদস্যদের এ উপস্থিতিকে ‘সামরিক উপস্থিতি’ বলতে নারাজ জাফারি। তিনি বলেন, “কুদস বাহিনীর বেশ কয়েকজন সদস্য সিরিয়ায় রয়েছে। কিন্তু একে সামরিক উপস্থিতি বলা যায় না।” ইরানের সংবাদ সংস্থা ‘আইএসএনএ’ জাফারির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। ইরানের আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য আইআরজিসি’র একটি শাখা হচ্ছে কুদস। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে হামলার জন্য এই বাহিনীকে অভিযুক্ত করা হয়। এ বাহিনীর কতজন সদস্য সিরিয়ায় রয়েছে জাফারি তা উল্লেখ করেননি। তিনি কেবল বলেন, তারা সেখানে বুদ্ধিবৃত্তিক এবং উপদেশমূলক সহায়তা দিচ্ছে।” “আইআরজিসি সিরিয়ায় বুদ্ধিবৃত্তিক সহায়তা দেয়াসহ অর্থনৈতিক সহায়তায় নিয়োজিত। তবে সেখানে কোনো সামরিক উপস্থিতি নেই,” বলেন তিনি। পরক্ষণেই জাফারি এও বলেন, সিরিয়া আক্রান্ত হলে ইরান নীতি বদলাবে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেবে। ১৮ মাস ধরে চলা সরকারবিরোধী সহিংস বিক্ষোভে সিরিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পশ্চিমা বিশ্ব ও সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগ, সিরিয়ার সশস্ত্র বাহিনীকে অস্ত্র ও বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করছে ইরান। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি নিয়েও তারা সন্দিহান। তবে ইরান তা অস্বীকার করে আসছিল। সিরিয়ায় সংকট শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করে যাচ্ছে ইরান। আর সেইসঙ্গে আসাদের শাসনকে ইসরায়েল ও সুন্নি আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষচক্র’ হিসাবেই দেখছে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২০ঘ.