২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামবিরোধী চলচ্চিত্র দেখা যাবে না ভারত-পাকিস্তানে

হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্রের অংশ বিশেষ ভারত ও পাকিস্তানে ইন্টারনেটে প্রদর্শন বন্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্রের অংশ বিশেষ ভারত ও পাকিস্তানে ইন্টারনেটে প্রদর্শন বন্ধ করা হয়েছে। সম্প্রতি ইন্টারনেটে ইউ টিউবের মাধ্যমে ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের ওই চলচ্চিত্রের অংশ বিশেষ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ইউ টিউবের মূল প্রতিষ্ঠান গুগল শুক্রবার জানিয়েছে, ভারতে এই চলচ্চিত্রের অংশবিশেষ ধারণকারী ভিডিওচিত্রে প্রবেশাধিকার বন্ধ করেছে ইউ টিউব। আর পাকিস্তানে ইন্টারনেটে ওই ভিডিওচিত্রে প্রবেশের সব লিঙ্ক অকার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করা হয়েছে অভিযোগ এনে সম্প্রতি লিবিয়া, মিশর, তিউনিসিয়াসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়। এতে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে লিবিয়া ও মিশরেও ইন্টারনেটে এ চলচ্চিত্রের অংশবিশেষ প্রদর্শন বন্ধ করা হয়। এছাড়া চলচ্চিত্রটি যাতে সাধারণ নাগরিকরা দেখতে না পারে সেজন্য ইউ টিউব ওয়েবসাইটের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করেছে আফগানিস্তান। আর চলচ্চিত্রটির অংশবিশেষ সরিয়ে নেয়ার জন্য ইউ টিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে আরেক মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/বিসিএস/এএইচ/২১৩৫ ঘ.