হারারে, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগান সাঙ্গিরাইয়ের বিয়ে আটকে দিয়েছে দেশটির একটি আদালত।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং বেশ কয়েকটি রাজ্য প্রধানের অংশগ্রহণে শনিবার এ বিয়ে হওয়ার কথা থাকলেও আগের দিন এক বিচারিক আদালতের রায়ে তা স্থগিতের আদেশ দেয়া হয়।
৬০ বছর বয়সী সাঙ্গিরাইয়ের সাবেক প্রেমিকা লোকাডিয়া টেম্বোর আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয় আদালত। ‘জিম্বাবুয়ের প্রথা’ অনুসারে সাঙ্গিরাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে দাবি করেছেন টেম্বো।
এর আগে দেশটির হাই কোর্টের এক বিচারক টেম্বোর আবেদন খারিজ করে দিলেও ওই বিচারিক আদালত বলেছে, সাঙ্গিরাইয়ের সঙ্গে তার বিয়ে বৈধ ছিল।
আদালতের রায়ের পরপরই প্রধানমন্ত্রী সাঙ্গিরাইয়ের আইনজীবীরা বলেন, আদালতের আদেশের বিরুদ্ধে দ্রুতই তারা আবেদন করবেন। প্রধানমন্ত্রীর বাগদত্তা এলিজাবেথ মাচেকার সঙ্গে তার বিয়ে যাতে ঠিকভাবে সম্পন্ন হয় সেজন্য এই পদক্ষেপ নেবেন তারা।
থাবানি এম পোফু নামে প্রধানমন্ত্রীর এক আইনজীবী সাংবাদিকদের বলেন, “আদালত তার রায় দিয়েছে এবং আমরা সেটা মেনে নিচ্ছি না। আমরা এখন জরুরি ভিত্তিতে উচ্চ আদালতে একটি আবেদন করতে যাচ্ছি যা আজ রাত বা আগামীকাল সকালেই করা হতে পারে।”
আদালতের এ রায় নিয়ে প্রধানমন্ত্রীর সমর্থকরা বলছেন, আগামী বছর অনুষ্ঠেয় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাঙ্গিরাইয়ের ভাবমূর্তি ক্ষুণœ করার চক্রান্ত হিসেবে এটা করা হয়েছে। আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিপক্ষে লড়ার কথা রয়েছে সাঙ্গিরাইয়ের।
তবে অন্যরা বলছেন, এর জন্য প্রধানমন্ত্রী সাঙ্গিরাই নিজেই দায়ী। ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী সুসানের মৃত্যুর পর একাধিক নারীর সঙ্গে তিনি যেভাবে ‘মেলামেশা’ করেছেন তার কারণেই এটা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮১২ ঘ.
bdnews24