কায়রো, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে তৈরি ইসলাম বিরোধী ছবি নিয়ে মিশরে শুক্রবার বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে।
মুসলিম ব্রাদারহুডের ডাকে মিশরীয়রা দেশব্যাপী বিক্ষোভে নামার আগে কায়রোয় মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারলে পুলিশ পাল্টা তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে। দূতাবাসের যাওয়ার রাস্তার মাঝখানে গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।
মুসলিম ব্রাদারহুড শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এ দলের প্রার্থী হিসাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সব মিশরীয়র নেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করে দলীয় সদস্যের পদ ছেড়ে দেন।
ইসলাম বিরোধী ছবি নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার এ সঙ্কটময় মুহূর্তে মুরসি এখন একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখারই চেষ্টা করছেন। দূতাবাসগুলোর নিরাপত্তা রক্ষার চেষ্টা নেওয়ার পাশাপাশি ইসলাম অবমাননার সমালোচনাও করছেন তিনি।
মিশর ইসলাম বিরোধী ছবিটির জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দোষারোপ না করলেও এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটনকে।
ক্যালিফোর্নিয়ায় নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটির বিরুদ্ধে মিশরে গত মঙ্গলবার রাত থেকে সহিংসতা চলছে। রাজধানী কায়রোয় বিক্ষোভে নেমেছে প্রায় ৩শ’ মানুষ।
মঙ্গলবারে কায়রোর মার্কিন দূতাবাসে হামলার পর বুধবার থেকে চলমান সহিংসতায় ২২৪ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
একইধরনের বিক্ষোভ সহিংসতা চলছে ইয়েমেনে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ। বৃহস্পতিবার ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
মালয়েশিয়া, ইরাক, সুদানসহ আরো বহু দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সুদানে শুক্রবার গণবিক্ষোভ হয়েছে। দেশটির ইসলামিক একটি গোষ্ঠী রাজধানী খার্তুমের মার্কিন দূতাবাসে হামলারও হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২১ঘ.
bdnews24