২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত হত্যাকারীদের বিচারের অঙ্গীকার ওবামার

লিবিয়ার মার্কিন দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূতসহ চার জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:36 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ওয়াশিংটন/বেনগাজি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার মার্কিন দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূতসহ চার জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার ভবনে বিক্ষুব্ধ জনতার হামলার পর বুধবার সেখান থেকে পালিয়ে গাড়িতে করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে রকেট হামলায় নিহত হন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস এবং আরো তিন মার্কিন নাগরিক। হামলার ঘটনা ঘটে মিশরের যুক্তরাষ্ট্র দূতাবাসেও। ওই ঘটনার পর সারা বিশ্বে মার্কিন দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে হামলা ও হতাহতের ঘটনায় লিবিয়ার নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটবে না বলে ইংগিত দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। এক বিবৃতিতে তিনি বলেন, লিবিয়ায় যে ‘বর্বর হত্যাকাণ্ড’ ঘটানো হয়েছে, তার বিরুদ্ধে পুরো বিশ্বকে এক হতে হবে। “আর আমাদের ওপর যারা হামলা চালিয়েছে, সেই খুনিদের বিচারের আওতায় আনতে আমরা লিবিয়া সরকারের সঙ্গে কাজ করব।” হযরত মোহাম্মদকে (সা.) ‘ব্যঙ্গ করে’ যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বেনগাজিতে ওই কনস্যুলার ভবনে হামলা চালায় অস্ত্রধারীরা। সে সময় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিহত হন। কনস্যুলেট ভবনে অস্ত্রধারীরা গুলি চালালে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস গাড়িতে করে বের হন। “অস্ত্রধারীরা তাদের গাড়ি লক্ষ্য করে রকেট ছুড়লে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দূতাবাসের তিন কর্মকর্তা নিহত হন,” বলেন এক লিবীয় কমকর্তা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় কনস্যুলার ভবনে হামলার পর সেখানে লিবীয় নিরাপত্তা বাহিনী ও ইসলামপন্থী জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সেখানে ব্যাপক লুটতরাজ হয়। হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে লিবিয়ার প্রতিবেশী দেশ মিশরেও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা হয় মঙ্গলবার। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে তা পুড়িয়ে ফেলা হয়। তারপর দূতাবাসে কলেমা লেখা একটি কালো পতাকা তোলার চেষ্টা চালায় হামলাকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৩০ ঘ.