নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর ঘটনাস্থলে উপস্থিত হওয়া অগ্নিনির্বাপনকর্মী, পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য ৭০ হাজার উদ্ধারকারী আজীবন বিনাখরচে ক্যান্সার চিকিৎসা পাবেন।
পেশাজীবীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক যুক্তরাষ্ট্রের জাতীয় সংস্থা সোমবার টুইন টাওয়ার হামলার ১১তম বার্ষিকীতে এ ঘোষণা দিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামাসহ এ বর্ষপূর্তি পালন করেন আরো অনেকে।
ঘোষণায় বলা হয়, টুইন টাওয়ারের ধ্বংসস্তুপের বিষাক্ত অংশের সংস্পর্শে পরবর্তী তিনমাসের মধ্যে যাদের শরীরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারাসহ প্রথম সাড়া দেওয়া সবাইকে ‘জাডরোগা ৯/১১ স্বাস্থ্য ও ক্ষতিপূরণ’ আইনের আওতায় ক্যান্সার চিকিৎসা সেবা দেওয়া হবে।
৫০ ধরনের ক্যান্সারের পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পাবেন তারা।
৯/১১ তারিখে পেন্টাগন হামলায় প্রথম সাড়া দেওয়া উদ্ধারকারীরাও এই আইনের আওতায় ক্যান্সার চিকিৎসা সেবা পাবেন।
২০১১ সালের ২ জানুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামার সই করার মাধ্যমে ‘জাডরোগা ৯/১১ স্বাস্থ্য ও ক্ষতিপূরণ’ প্রস্তাবটি আইনে পরিণত হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল আটটার দিকে ছিনতাই করা দু’টি যাত্রীবাহী বিমান টুইন টাওয়ার হিসেবে পরিচিত নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের আকাশচুম্বী জোড়া ভবনে পর্যায়ক্রমে আছড়ে পড়ে। ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় ভবন দু’টি সম্পূর্ণ ধসে পড়ে ও প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়।
এ ঘটনার ১১ বছর পূর্তিতে মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যারা হামলার শিকার হয়েছেন তাদের কখনো ভোলা যাবে না। তা যত বছরই পেরিয়ে যাক না কেনো।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের লড়াই ইসলামের সঙ্গে নয় বরং আল কায়েদা ও তার দোসরদের সঙ্গে যারা এ হামলার জন্য দায়ী।
হামলার সময় উদ্ধায় তৎপরতায় ঝাঁপিয়ে পড়া উদ্ধারকর্মীরা পরবর্তীতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হন যা ক্রমাগত বাড়তে থাকে। এ নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে আইনটি প্রস্তাব করা হয়।
৯/১১ হামলা সম্পর্কিত অসুস্থতায় এ পর্যন্ত ১ হাজার মানুষ মারা গেছেন। গত সপ্তাহে নিউ ইয়র্ক শহরের অগ্নিনির্বাপন বিভাগ ৯/১১ হামলা জনিত অসুস্থতায় মারা যাওয়া আরো নয়জন কর্মীর নাম প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৩ ঘ.
bdnews24