২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দুর্নীতিবিরোধী কার্টুনিস্ট গ্রেপ্তার

ভারতে সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলার অভিযোগে দুর্নীতি বিরোধী এক কাটুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। এতে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলার অভিযোগে দুর্নীতি বিরোধী এক কাটুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। এতে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের এ সিদ্ধান্তে ভারতীয় গণমাধ্যমগুলোও সমালোচনা মুখর হয়ে উঠেছে বলে বিবিসি জানিয়েছে। ওই কার্টুনিস্টের নাম অসীম ত্রিবেদি। ভারতীয় সংবিধানকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করায় শনিবার ত্রিবেদিকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগও আনা হয়েছে। ভারতীয় সমাজসেবক আন্না হাজারের চলমান দুর্নীতিবিরোধী আন্দোলনে ত্রিবেদি যোগ দিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম ও বিশিষ্ট নাগরিকরা ত্রিবেদির গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এটিকে “ভুল পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। ভারতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মারকান্দি কাটজু দৈনিক দ্য হিন্দুতে বলেছেন, “আমি যে সব তথ্য পেয়েছি তাতে বুঝতে পেরেছি কার্টুনিস্ট অন্যায় কিছুই করেননি, বরং তাকে গ্রেপ্তার করাই অন্যায় হয়েছে।” “ভারতীয় পেনাল কোডে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা গুরুতর অপরাধ, তাই তাকে যারা গ্রেপ্তার করেছে তাদেরই গ্রেপ্তার করা উচিত,” বলেন তিনি। তিনি প্রশ্ন করেন, কীভাবে একটি কার্টুন ড্রইং করা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। কীভাবে সমালোচনা গ্রহণ করতে হয় তা রাজনীতিবিদদের শেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। গণতন্ত্রে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। জ্যেষ্ঠ সাংবাদিক ও সিএনএন-আইবিএন নিউজ চ্যানেলের সম্পাদক রাজদ্বীপ সারদেশাই বলেন, “এটি হাস্যকর, কিন্তু একই সঙ্গে এটি খুব বিপদজনক প্রবণতা। আক্রমণাত্মক ও ঘৃণাব্যঞ্জক কথাবার্তার জন্য এই দেশে আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু প্যারোডি ও রাজনৈতিক ব্যঙ্গের কারণে তাৎক্ষণিক গ্রেপ্তার হবেন।” সাবেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও আইনজীবী ওয়াই পি সিং মিন্ট সংবাদপত্রকে বলেন, “আমি যতদূর জেনেছি তাতে মনে হয়েছে খুব বেশি হলে তার বিরুদ্ধে জাতীয় সম্মানহানি করার আইনে আভিযোগ আনা যেত। সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলার মতো গুরুতর অভিযোগ আনা ঠিক হয়নি। এই আইনের শাস্তি অনেক কঠিন।” জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার অভিযোগ প্রমাণ হলে ত্রিবেদির তিন বছরের সাজা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৯ ঘ.