২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত ব্রাহিমি তেহরান যাবেন’

সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের নতুন শান্তিদূত লাখদার ব্রাহিমি ইরান সফরে যাবেন বলে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

দুবাই, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের নতুন শান্তিদূত লাখদার ব্রাহিমি ইরান সফরে যাবেন বলে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সিরিয়া সফরের পর ব্রাহিমি ইরান যাবেন বলে দাবি করেছেন তিনি। রোববার উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কে উদ্ধৃত করে ইরানি মেহার সংবাদ সংস্থা এ খবর জানায়। শনিবার সন্ধ্যায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহির সঙ্গে ফোনে কথা বলেন ব্রাহিমি। এরপরই ব্রাহিমি তেহরান সফরে আসবেন বলে আরাকচি জানান। তিনি বলেন, “সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমির তেহরান সফরের পরিকল্পনা করা হয়েছে।” আলজেরিয়ার অভিজ্ঞ কূটনীতিক ব্রাহিমিকে অগাস্টে কফি আনানের জায়াগায় সিরিয়া সমস্যা সমাধানে শান্তিদূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘ। সিরিয়ার ১৮ মাস ধরে চলা সংঘাত অবসান প্রচেষ্টায় তিনি ইরানের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছিলেন। তবে জেনেভায় ব্রাহিমির মুখপাত্র আহমেদ ফওজি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ব্রাহিমি শিগগিরই সিরিয়া সফর শুরু করার পরিকল্পনা করেছেন কিন্তু ইরানে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। আরব লিগ ও মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সিরিয়া বিষয়ে আলোচনার জন্য রোববার তিনদিনের এক সফরে ব্রাহিমি কায়রো পৌঁছেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন-বিদ্রোহে ইরান প্রেসিডেন্ট আসাদকে সমর্থন যুগিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৪ ঘ.