পাকিস্তান, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জামিনে মুক্তির পর পাকিস্তানে ধর্ম বিদ্বেষের অভিযোগে আটক বালিকা রিমশা মাসিহকে নাটকীয়ভাবে হেলিকপ্টারে উড়িয়ে গোপন ঠিকানায় নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার রিমশা’র মুক্তির ঘটনা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এতে দেখা যায়, ভারী অস্ত্রসজ্জিত পুলিশ পাহারায় কারাগার চত্বরে থামানো হেলিকপ্টারের দিকে হেঁটে যাচ্ছে সবুজ ওড়নায় পুরো মুখ ঢাকা ১৪ বছর বয়সী রিমশা।
শুক্রবার রিমশার জামিন মঞ্জুর করে আদালত।
মুক্তির পরে তাকে পিটিয়ে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রিমশা’র পক্ষের আইনজীবীরা। রিমশার বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ আনা হয়েছিল, পরে তা মিথ্যা প্রমাণিত হয়। তার ব্যাগে কোরানের পোড়া পৃষ্ঠা ঢুকিয়ে দেয়ার অভিযোগে এক ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গ্রেপ্তারের আগেই রিমশার বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলে। অল্পবয়স ও মানসিক রোগী হওয়া স্বত্ত্বেও পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় তার মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন মহল।
গোপন ঠিকানায় নিয়ে যাওয়ার ফলে তার জীবনের ঝুঁকির আশঙ্কা নতুন মাত্রা পেলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনা স্বত্ত্বেও পাকিস্তানে সাধারণ জনগণের মধ্যে ব্লাসফেমি আইনটির ব্যাপক সমর্থন রয়েছে। বিভিন্ন সময়ে এ আইনের অধীনে তোলা অভিযোগগুলো পরবর্তীতে সংখ্যালঘুদের উপর প্রাণঘাতী হামলার কারণে পরিণত হয়েছে।
আইনটির সংস্কারের সুপারিশ করায় দুজন শীর্ষ সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তাদের দেহরক্ষীরা।
পাকিস্তানী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যানুযায়ী, ১৯৮৭ সালে ব্লাসফেমি আইনের অধীনে অন্তত আড়াইশ মামলা হয়েছে। এ আইনের অধীনে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫৪৯ ঘ.
bdnews24