২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের মনোনয়ন পেলেন ওবামা

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাট দলের মনোনয়ন পেয়েছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাট দলের মনোনয়ন পেয়েছেন বারাক ওবামা। নর্থ ক্যারোলিনার শার্লোটে অনুষ্ঠিত ডেমক্র্যাট দলের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন তিনি। মনোনয়ন প্রাপ্তি ও গ্রহণ উপলক্ষ্যে সম্মেলনে আসা প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওবামা রিপাবলিকান নীতির সঙ্গে তার নীতির পার্থক্য তুলে ধরেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ২০০৮ সালে তার নির্বাচনী মূল স্লোগানে ‘হোপ’ বা ‘আশাবাদ’ কেই তুলে ধরেছিলেন। আসন্ন নির্বাচনেও সেই ‘আশাবাদ’ কেই পূরণের লক্ষ্যে তিনি প্রচারণা চালিয়ে যাবেন। ওবামা বলেন, “আমি কখনোই বলিনি, এই যাত্রা খুব সহজ হবে, আমি এখনো সেই অঙ্গীকার করছি না।” রিপাবলিকান প্রার্থী মিট রমনি ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। জরিপ বলছে, লড়াই হবে হাড্ডাহাড্ডি। ওবামা সম্মেলন কক্ষে থাকা প্রতিনিধি ও বাড়িতে টেলিভিশনে যেসব ভোটাররা তার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলেন, জাতির এই সমস্যা দশকব্যাপী সময়ে তৈরি হয়েছে। মুহূর্তেই সেটি দূর করা সম্ভব হবে না। “কিন্তু যখন ভোট দেওয়ার জন্য আপনি ব্যালট পেপারটি হাতে নেবেন, তখন আপনার সময়ের সবচেয়ে পরিষ্কার সিদ্ধান্তটি গ্রহণের মুখোমুখি হবেন” বলেন ওবামা। তিনি আরো বলেন, “আগামী কয়েক বছরে কর্মক্ষেত্র ও অর্থনীতি, কর ও ঘাটতি, বিদ্যুৎ এবং শিক্ষা, যুদ্ধ ও শান্তি ইত্যাদি অনেক ক্ষেত্রেই বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওয়াশিংটনকে। আসন্ন দশকে এসব সিদ্ধান্তই আমাদের সবার জীবন ও শিশুদের ওপর ব্যাপক প্রভাব রাখবে।” এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস- প্রেসিডেন্ট জো-বাইডেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন গ্রহণ করেন। দলীয় সম্মেলনে ব্যাপক সমর্থন পান বারাক ওবামা। অর্ধেক ভোটারকে ডাকার আগেই মনোনয়নের জন্য প্রয়োজনীয় ২ হাজার ৭৭৭ জন প্রতিনিধির সমর্থন পেয়ে যান ওবামা। বৈরী আবহাওয়ার কারণে সম্মেলন স্থলের ভেতরে ওবামার বক্তব্য রাখার ব্যবস্থা করা হয়। তিনদিনের সম্মেলনের পর ডেমক্রেটরা নতুন উদ্দীপনা নিয়ে প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে পুনর্নির্বাচিত করার জন্য কাজে নামার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫০ ঘ.