ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান সেদেশ থেকে সাহায্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ এর ৬ বিদেশি কর্মকর্তাকে বহিষ্কারাদেশ দিয়েছে। দু’সপ্তাহের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে তাদেরকে।
বহিষ্কারের এ নিদের্শের কোনো কারণ জানায়নি পাকিস্তান কর্তৃপক্ষ।
তবে সংবাদদাতারা বলছেন, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে দিতে মার্কিন গোয়েন্দাদের সহযোগিতা করার সন্দেহেই ওই কর্মকর্তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন ওসামা বিন লাদেন।
ওই অভিযান চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’কে লাদেনের হদিস পেতে সহায়তা করার অভিযোগে পাকিস্তান এর আগে এক শাকিল আফ্রিদি নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করে।
আফ্রিদির মতো ‘সেভ দ্য চিলড্রেন’ও এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা। তবে সেভ দ্য চিলড্রেন এ অভিযোগ অস্বীকার করেছে।
সংবাদদাতারা বলছেন, এ সংস্থার ৬ বিদেশি কর্মকর্তাকে বহিষ্কার করার ফলে দেশটিতে সংস্থাটির কার্যক্রমে স্বল্পমেয়াদে তেমন কোনো সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে।
ওদিকে, লন্ডনে সেভ দ্য চিলড্রেনের এক মুখপাত্র বিবিসি’ কে বলেছেন, বহিষ্কারের বিষয়টি নিয়ে পাকিস্তান কর্তৃপক্ষের কাছ থেকে পরিষ্কার করে সবকিছু জানতে চান তারা। শূণ্যপদগুলোতে অন্য কাউকে পাঠানো যাবে কিনা সে বিষয়টিও এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮৪০ঘ.
bdnews24