২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত ৩ ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

গাজা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত ৩ ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। ফিলিস্তিনি গেরিলাদের রকেট ও বোমা হামলার প্রস্তুতিকালে এ হামলা চালিয়ে তাদের অপতৎপরতা ভেস্তে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলায় নিহতরা ছোট্ট একটি ইসলামিক গেরিলা দল হোমাত আল-আকসা’র সদস্য বলে জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা। মৃতদেহগুলো হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে নিরাপত্তা বেষ্টনীর কাছে বিস্ফোরক পাতার সময় সেনারা একটি সন্ত্রাসী স্কোয়াডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার ক্ষমতাসীন দল হামাস নিহতের খবর নিশ্চিত করেছে এবং জানিয়েছে একজন আহত হয়ে সেল ফোরে অ্যাম্বুলেন্স ডেকেছিল, কিন্তু ইসরায়েলের গুলির কারণে অ্যাম্বুলেন্স তার কাছে যেতে না পরায় সে মারা যায়। এর আগে বুধবার ইসরায়েলের হামলায় নিহত হয় আরো তিন ফিলিস্তিনি গেরিলা। গাড়িতে করে একটি শরণার্থী শিবিরে যাওয়ার সময় তারা ইসরায়েলি হামলার শিকার হয় বলে জানিয়েছে বিবিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৭৩৮ঘ.