চেন্নাই, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ভারতের তামিল নাড়ুতে একটি পটকা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ।
ভারতে দিয়াশলাই ও আতশবাজি তৈরির প্রাণকেন্দ্র শিবাকাসী শহরের কাছে মুদালিপেট্টিতে বুধবার এ ঘটনা ঘটে।
সকালের দিকে কারখানাটিতে পটকা তৈরির জন্য রাসায়নিক উপাদান মেশানোর সময় বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। নিহতদের বেশিরভাগই কারখানার কর্মী।
অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৩শ’রও বেশি মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে।
ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
আগুনে কারখানা ভবনের ৬০ টি কক্ষের ৪০ টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, কারখানা থেকে প্রায় ২শ’ ফুট দূরের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে খবরে।
আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং কারখানার ২৫০ জন কর্মীর কতজন ভেতরে আটকা পড়ে আছে তা ধারণা করতে পারছে না পুলিশ।
টেলিভিশন চিত্রে কারখানা ভবন থেকে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে আর পটকা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের কারণে কারখানায় বিস্ফোরণ ঘটার আশঙ্কায় ভবনটির কাছে পৌঁছতে পারছে না।
উপ পুলিশ প্রধান রামামুর্তি রয়টার্সকে বলেন, “আমরা ধোঁয়ার কারণে কারখানায় ঢুকতে পারিনি। মৃতের সংখ্যা বাড়তে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০০ঘ.
bdnews24