২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সূচির পরিবর্তন হবে না’

আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর আফগান নিরাপত্তা বাহিনীর বিশৃঙ্খল সদস্যদের হামলার কারণে সেনাদের দেশে ফেরত পাঠানোর সময়সূচির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ন্যাটো প্রধান ফগ রাসমুসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর আফগান নিরাপত্তা বাহিনীর বিশৃঙ্খল সদস্যদের হামলার কারণে সেনাদের দেশে ফেরত পাঠানোর সময়সূচির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ন্যাটো প্রধান ফগ রাসমুসেন। ন্যাটো মহাসচিব রাসমুসেন বলেন, আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব ক্রমান্বয়ে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া এবং ২০১৪ সালের মধ্যে বেশিরভাগ সেনা সরিয়ে নেওয়াই যৌথবাহিনীর পরিকল্পনা। কোনো হামলার কারণে এ পরিকল্পনা পরিবর্তিত হবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভ্যন্তরীণভাবে পরিচালিত এসব হামলা উদ্বেগের বিষয়। এর ফলে আফগান ও বিদেশি বাহিনীর মধ্যকার আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, আমাদের মাঠ পর্যায়ে কর্মরত সেনাপ্রধানরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতেও নেবেন। তবে কোনো হামলার ফলেই হস্তান্তরের ব্যাপারে আমাদের পরিকল্পনা পরিবর্তিত হবে না। এ বছর দুর্বৃত্ত আফগান সেনাদের হামলায় ন্যাটোবাহিনীর অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছেন। শুধু অগাস্ট মাসেই নিহত হয় ১৫ জন। ২০১১ সালে এ ধরনের হামলা নিহত হয় মোট ৩৫ জন বিদেশি সেনা। গত সপ্তাহে প্রশিক্ষণের সময় এক আফগান সেনার গুলিতে ৩ অস্ট্রেলীয় সেনা নিহত হয়। এসব হামলার ফলে ন্যাটো সদস্য দেশগুলোও নির্ধারিত সময়সূচির আগে নিজেদের সেনা সরিয়ে নেবে না বলেও আশা প্রকাশ করেন রাসমুসেন। ইতিমধ্যেই আফগানিস্তানে অবস্থানকারী তিন হাজার চারশ’ ফরাসি সেনাকে এ বছরের শেষ নাগাদ সরিয়ে আনার কাজ শুরু করেছেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলান্দ। নিউজিল্যান্ডও আফগানিস্তান থেকে দ্রুত নিজেদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ন্যাটোবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আফগান সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত সাড়ে তিন লাখ সেনার রেকর্ড পুনরায় খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে আফগান সরকার। সরকারি পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ ব্যবস্থা চালুর জন্য নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণও বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩৬ ঘ.