২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপেও সিরীয় শরণার্থী, অগাস্টে রেকর্ড স্থানান্তর

সিরিয়ার সহিংসতা এড়াতে এখন ইউরোপে পাড়ি জমাচ্ছে শরণার্থীরা। গত মাসে রেকর্ড ১ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

কোপিনগেবরো, সুইডেন, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সহিংসতা এড়াতে এখন ইউরোপে পাড়ি জমাচ্ছে শরণার্থীরা। গত মাসে রেকর্ড ১ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ায় সরকার বিরোধী সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২ লাখ সিরীয় জর্ডান, ইরাক, লেবানন ও বিশেষত তুরস্কে পালিয়েছে। এদের মধ্যে সম্পদশালীরা কিছু দিক বিবেচনা করে সেখান থেকে গ্রিস ও সুইডেনে গিয়ে আশ্রয় নিচ্ছে। তুরস্কের ইউরোপীয় সীমান্ত থেকে ২৫ হাজার কিলোমিটার দূরের দেশ সুইডেনে এ বছর এবং আগামী বছর নাগাদ প্রায় ১৭ হাজার সিরীয় শরণার্থী আশ্রয় চাইতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কত সংখ্যক শরণার্থী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করেছে তা এখনো নিশ্চিত নয়। ইইউ’র পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এর তথ্য অনুযায়ী, জার্মানি জানিয়েছে, এ বছর প্রথম ৭ মাসে ২ হাজার ২৪৬ জন শরণার্থী আশ্রয়ের আবেদন জানিয়েছে। অন্যদিকে, ব্রিটেন ও আরো কয়েকটি দেশ তাদের দেশে সিরীয় শরণার্থীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নে শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় তুরস্ক সীমান্তে টহল দিচ্ছে গ্রিসের সেনারা। কিন্তু প্রায় ২ হাজার ৪০০ জনকে ঠেকানো গেলেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউ জুড়ে ১২ হাজার ৩২৫ জন শরণার্থী আশ্রয়ের আবেদন জানিয়েছে বলে জানিয়েছে ইউরোস্টেট। যদিও সংখ্যাটি এখনো তেমন কিছু নয়, কিন্তু সিরিয়া থেকে ক্রমাগত জনসাধারণের পালানো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১১ সালের মার্চে শুরু হওয়া সংঘর্ষে মাসিক হিসাবে অগাস্টে সবচেয়ে বেশি, ১ লাখের বেশি শরণার্থী সিরিয়া ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, এর ফলে শরণার্থীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৩০০ জন পর্যন্ত বেড়েছে যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভে সহিংসতা শুরু হওয়ার পর থেকে অগাস্টই সবচেয়ে সহিংস মাস ছিল। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, অসাস্টে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, শুধু গত সপ্তাহেই ১ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.