২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে টিভি দেখা ও গান শোনার জন্য সম্পাদককে মারধর

টেলিভিশন দেখা ও গান শোনার জন্য পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের এক সম্পাদককে মারধর করেছে উগ্রবাদীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিভিশন দেখা ও গান শোনার জন্য পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের এক সম্পাদককে মারধর করেছে উগ্রবাদীরা। গত ২৭ অগাস্ট পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এ ঘটনা ঘটে বলে সোমবারটাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ডেইলির মতামত বিশ্লেষণ বিভাগের সম্পাদক জয়নুল আবেদিন এ মারধরের শিকার হন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে করাচির সাংবাদিকরা জানিয়েছেন। হামলাকারীরা একটি উগ্রবাদী গোষ্ঠীর সদস্য বলে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়। জয়নুল আবেদিনের ভাষ্যমতে, ২৭ অগাস্ট রাত ১১টার দিকে চার ব্যক্তি করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় তার বাড়িতে হামলা চালায়। তারা লাথি মেরে দরজা ভেঙে তার বাড়িতে ঢুকে তাকে গালাগালি করতে থাকে। এ সময় তিনি এগিয়ে গেলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে। ওই চার ব্যক্তির একজন আবেদিনের টেলিভিশন দেখা ও কাওয়ালি শোনার প্রতিবাদ জানায়। এ সময় তিনি তাদের কাছে জানতে চান, কোনো ব্যক্তি তার বাড়িতে কী করলো তাতে তাদের সমস্যা কোথায়।তখন তাদের একজন বলেন, “ওই সবে আমাদের সমস্যা আছে এবং আজ আমরা আপনার সমস্যার সমাধান করবো।” এই বলে ওই চারজন তাকে মারতে থাকে এবং একজন তার মুখে ঘুষি মারলে তার চশমা ভেঙে যায় বলে জানান জয়নুল। এছাড়া মারধর করে চলে যাওয়ার সময় হামলাকারীরা তাকে শাসিয়ে যায় যে, তিনি অনুতপ্ত না হলে এবং টেলিভিশন দেখা ও গান শোনা বাদ না দিলে তারা তাকে ছাড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭১০ ঘ.