২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৩

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে ন্যাটোর একটি ঘাঁটির কাছে দুইটি আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশ সদস্যসহ নয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে ন্যাটোর একটি ঘাঁটির কাছে দুইটি আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশ সদস্যসহ নয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৮ জন। রোববার আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোরে চালানো এই হামলায় স্থানীয় একটি বাজার ও কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ারদাক প্রদেশের সাইদাবাদে স্থানীয় একজন গভর্ণরের দপ্তর লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। এক জঙ্গি হেঁটে এসে দপ্তরটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। এর প্রায় সঙ্গে সঙ্গে গর্ভণর দপ্তর থেকে ন্যাটো ঘাঁটিকে আলাদা করা একটি রাস্তার ওপর একটি ট্রাকবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অনেকগুলো দোকান ও ঘরবাড়ি ধ্বংস হয়। প্রাদেশিক পরিষদের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানিয়েছেন, “এক আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে এসে গর্ভণর দপ্তরের সদর দরজার কাছে এসে একটি বিস্ফোরণ ঘটায়। এরপর তাকে অনুসরণরত একটি আত্মঘাতী ট্রাকবোমার বিস্ফোরণ ঘটানো হয়।” হামলায় ন্যাটো ঘাঁটিতে কর্মরত কেউ নিহত না হলেও দুইজন আহত হয়েছে বলে জানান শহীদ। ট্রাকবোমাটির বিস্ফোরণকে “প্রচণ্ড ক্ষমতাসম্পন্ন” বর্ণনা করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। হামলার দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবান। গত বছর নিই ইয়র্কের টুইন টাওয়ার হামলা, ৯/১১’র বার্ষিকীর প্রাক্কালে এই একই দপ্তর লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছিল। ওই হামলায় পাঁচ আফগান নিহত ও ৫০ জন মার্কিন সেনাসহ ৮০ জন আহত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এবি/০৯৫০ ঘ.