ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে কয়লা খনি বিক্রি নিয়ে পার্লামেন্টে বিতর্কের সময় রাজনীতিবিদদের পদত্যাগের তীব্র দাবির মুখে সোমবার সরকারের অবস্থান ঠিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
বিরোধীদলের সদস্যদের হট্টগোলের মধ্যে মনমোহন বলেন, এ ইস্যুতে তিনি কোনো ভুল করেননি।
মনমোহনের পদত্যাগের দাবিতে এক সপ্তাহের জন্য পার্লামেন্ট অচল করে রেখেছে বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, সুষ্ঠুভাবে কয়লা খনি বিক্রি না হওয়ায় ভারতের ২২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
টেলিকম লাইসেন্স সুলভ মূল্যে বিক্রি করায় প্রচুর রাজস্ব হারানোর অভিযোগে গত বছর টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজকে যেমন সরে যেতে হয়েছে এবার কয়লা খনি বিক্রি নিয়েও সরকারের বিরুদ্ধে একইরকম অভিযোগ উঠেছে।
দর আহ্বান না করে বিভিন্ন কোম্পানির কাছে কয়লাখনি কমিশনে বিক্রি করার সরকারি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ১৭ অগাস্টে প্রকাশিত সরকারি নিরীক্ষকদের প্রতিবেদনে।
এতে বলা হয়, ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে নিলামে তোলা ছাড়াই কয়লা খনি বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে প্রতিবেদনে এর জন্য মনমোহন সিংকে দায়ী করা না হলেও কয়লা খনি বিক্রির সময় মনমোহন কয়লা মন্ত্রণালয়ের নেতৃত্বে থাকার তার পদত্যাগ দাবি করেছে বিজেপি।
এ প্রসঙ্গে পার্লামেন্টের নিুকক্ষ লোকসভায় মনমোহন বলেছেন, “আমি বলতে চাই যে এ ধরনের যে কোনো অভিযোগ ভিত্তিহীন এবং ঘটনার সঙ্গে সামঞ্জস্যহীন।”
প্রধানমন্ত্রী বিরোধী দলকে পার্লামেন্টের কার্যক্রম গতিশীল রাখা এবং সঠিক সত্য বের করতে বিচারকদের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
মনমোহন সিং গত সপ্তাহ থেকে পার্লামেন্টে বিবৃতি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিরোধী দলের তীব্র বিক্ষোভের মুখে তা পারছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২২ঘ.
bdnews24