নিউ ইয়র্ক, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুরুষদের মতো উর্ধাঙ্গ উন্মুক্ত রেখে প্রকাশ্যে চলাফেরার অধিকার চেয়েছেন নিউ ইয়র্কের একদল নারী।
রোববার নিউ ইয়র্কে এই দাবিতে বিক্ষোভে অংশ নেন ২৪ জন নারী। দিনটিকে ‘জাতীয় উর্ধ্বাঙ্গ অনাবৃত দিবস’ হিসেবে পালনও করেন তারা।
নিউ ইয়র্কের ব্যারিয়ান্ট পার্কে সমবেত এই নারীদের সঙ্গে যোগ দেয় পুরুষরাও। তবে নারীরা অনেকের মনোযোগ আকর্ষণ করলেও পুরুষদের দিকে কেউ তেমন মনোযোগ দেয়নি।
বিক্ষোভের আয়োজক ক্যারেন হ্যাভেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, নারীদের দেহের ওপরের অংশ খোলা রেখে চলাফেরাকে ভুল কোনো কিছু বলে মনে করেন না তিনি।
বিশেষ করে ২০১২ সালে এসে এ বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করার কোনো মানে নেই, বলেন তিনি।
নিউ ইয়র্কে নারীদের উর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে প্রকাশ্যে বের হওয়া বেআইনি নয়। কিন্তু যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন জায়গায় এ ব্যাপারে আইনের তারতম্য আছে।
এ বৈষম্যকে অসংবিধানিক আখ্যা দিয়ে হ্যাভেন ও তার সঙ্গীরা এ বিষয়ে নারী-পুরুষের পূর্ণ সমঅধিকার দাবি করেন।
যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে ও পুরো বিশ্বের আরো ১০টি শহরে এ অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৬ঘ.
bdnews24