২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেইল আর্মস্ট্রং আমেরিকার শ্রেষ্ঠ বীর’

মানব জাতির চন্দ্র বিজয়ের ইতিহাসে যে নামটি সবার আগে আসে, সেই নেইল আর্মস্ট্রংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে ‘সর্বকালের সেরা আমেরিকান’ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

সাউদার্ন ক্যালিফোর্নিয়া, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানব জাতির চন্দ্র বিজয়ের ইতিহাসে যে নামটি সবার আগে আসে, সেই নেইল আর্মস্ট্রংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে ‘সর্বকালের সেরা আমেরিকান’ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাবেক মার্কিন নভোচারী আর্মস্ট্রং ৮২ বছর বয়সে মারা গেছেন। চলতি মাসের শুরুতে তার হৃদযন্ত্রে অস্ত্রপোচার হয়েছিল। ১৯৬৯ সালে প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটিতে পা রেখে আর্মস্ট্রং বলেছিলেন, “একজন মানুষের ছোট এই পদক্ষেপ মানবজাতির জন্য মহান এক অগ্রগতি।” তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেই চন্দ্রাভিযানের সহযাত্রী এডউইন অলড্রিন, মাইকেল কলিন্সসহ আরো বহু মানুষ। প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, “শুধু তার সময়েই নয়, সর্বকালের সকল আমেরিকান বীরদের মধ্যে নেইল সর্বশ্রেষ্ঠ।” “অজানাকে জানার জন্য আজ যারা নিবেদিত, তাদের সবার মধ্যে নেইলের আবিষ্কারের নেশা ছড়িয়ে আছে।... তার অবদান চির অম্লান থাকবে, যিনি আমাদের একটি ছোট্ট পদক্ষেপের মধ্যে নিহিত বিপুল ক্ষমতার কথা জানিয়ে গেছেন।” অ্যাপোলো ১১ মিশনে অধিনায়ক আর্মস্ট্রংয়ের পর দ্বিতীয় মানুষ হিসাবে চাঁদে পা রেখেছিলেন এডউইন অলড্রিন। সাবেক সহকর্মীর মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মহাশূন্য কর্মসূচির একজন মহান নেতা ও মুখপাত্রের অভাববোধ করছি আমরা।” “শুধু মঙ্গলের বুকে মানুষের পায়ের ছাপ পড়ার মাধ্যমেই তার কীর্তির তুলনা হতে পারে। তিনি ছিলেন অসাধারণ নেতা”, স্মৃতি রোমন্থন করেন অলড্রিন। সেই অভিযানের আরেক অভিযাত্রী মাইকেল কলিন্স বলেন, “আমি বিষণœভাবে তার অভাব অনুভব করব।” বিখ্যাত মার্কিন মহাকাশচারী ও ওহাইওর সাবেক সিনেটর জন গে¬ন বলেন, “দেশের জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। আর কিছু করতে পারলে সম্মানিত বোধ করতেন। সারাজীবন তিনি ছিলেন একই রকম বিনয়ী।” নাসার প্রশাসক চার্লস বোল্ডেন বলেন, “তিনি ছিলেন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ অভিযাত্রী। চলাফেরায় ছিলেন অত্যন্ত সহজ, যা থেকে সৌন্দর্য্য ফুটে বের হতো। আমাদের সবার জন্য তিনি উদাহরণ। যখন প্রেসিডেন্ট কেনেডি একজন মানুষকে চাঁদে পাঠাবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে এসেছিলেন আর্মস্ট্রং। “নেইল আর্মস্ট্রংয়ের দুই কাঁধে ভর করেই মহাশূন্য অভিযানের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি আমরা। একজন বন্ধুর, একজন সহমহাকাশচারীর ও একজন প্রকৃত আমেরিকান বীরের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২১৫ ঘ.