২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জন্মস্থান বিতর্ক নিয়ে রসিকতা রমনির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি তার জন্মস্থান মিশিগান অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোর সময় ওবামার জন্নস্থান বিতর্ক নিয়ে রসিকতা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি তার জন্মস্থান মিশিগান অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোর সময় ওবামার জন্নস্থান বিতর্ক নিয়ে রসিকতা করেছেন। জন্মস্থানের কাছাকাছি ডেট্রয়েট উপশহরে ৫ হাজার মানুষের সামনে বক্তৃতা দেওয়ার সময় রমনি বলেন, “এখন পর্যন্ত কেউ আমার জন্মসনদ দেখতে চায়নি।” তিনি বলেন, “কারণ তারা জানে এখানেই আমাদের জন্ম এবং এখানেই বেড়ে উঠেছি।” এ মন্তব্য শুনে উপস্থিত জনতা হেসে উঠে বলে জানিয়েছে বিবিসি। ওবামার বাবা ছিলেন কেনিয়ান এবং এ কারণে অনেকের ধারনা, ওবামার জন্মস্থান যুক্তরাষ্ট্র নয় এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই তার। তবে বারাক ওবামা ইতোমধ্যে তার জন্মসনদের কপি প্রকাশ করেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করছেন বলে নিশ্চিত করেছেন হাওয়াইয়ের কর্মকর্তারা। রমনির প্রচার শিবির জানিয়েছে, “গভর্নর সবসময়ই বলেন, বারবার বলেছেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছেন। তিনি শুধু জন্মস্থান মিশিগানে কথাপ্রসঙ্গে ওই ইস্যু তুলেছেন।” আগামী ৬ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন ম্যাসাচ্যুসেটসের সাবেক গভর্নর রিপাবলিকান মিট রমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮২৫ ঘ.