ভিয়েনা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’র (আইএইএ) সঙ্গে ইরানের কোনো সমঝোতা হয়নি। এতে ইরানি পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট উত্তেজনার কূটনৈতিক সমাধানের আরো একটি চেষ্টা হোচট খেল।
শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সাত ঘন্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দু’পক্ষ।
বৈঠকের পর আইএইএ’র প্রধান পরিদর্শক হারমান ন্যাকার্তস জানান, আপাতত আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
ভিয়েনাভিত্তিক আইএইএ’তে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়েহ আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন।
এই আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে ইরানি পরমাণু প্রকল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়টি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। তবে তিনি হামলার সম্ভাবনা বাতিল করেননি।
সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন ওবামা।
বৈঠকের প্রাক্কালে কূটনৈতিক সূত্রগুলো ইরানে ভূর্গস্থ ফরদৌ পরমাণু প্রকল্পে শ’ খানেক নতুন পরমাণু সমৃদ্ধকরণ যন্ত্র বসানো হয়েছে বলে জানিয়েছিল। এতে আলোচনা শুরুর আগ থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
নতুন বসানো সেন্ট্রিফিউজগুলো চালু করা না হলেও আন্তর্জাতিক মহলের কূটনৈতিক প্রচেষ্টাকে ইরান গুরুত্ব দিচ্ছে না এ ধারণা ছড়িয়ে পড়ে।
বৈঠক শেষ হওয়ার পর প্রধান পরিদর্শক ন্যাকার্তস বলেন, “দু’পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা হলেও কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে যার কারণে কোনো সমঝোতা সম্ভব হয়নি।”
“এই মুহূর্তে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই আমাদের,” বলেন তিনি।
মতপার্থক্য রয়ে যাওয়ার কথা স্বীকার করলেও আলোচনায় অগ্রগতির দাবী করেছেন ইরানি প্রতিনিধি সোলতানিয়েহ। জাতীয় নিরাপত্তার ব্যাপার জড়িত থাকায় বিষয়টি অত্যন্ত জটিল বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৯ ঘ.
bdnews24