নিউ ইয়র্ক, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে গুলিতে শুক্রবার কমপক্ষে ২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।
সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, নিহতদের একজন বন্দুকধারী নিজে। পুলিশের গুলিতে সে মারা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই বলেই মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কাছাকাছি একটি দোকানে কাজ করতেন। চাকরি থেকে বরখাস্ত হয়ে তিনি তার এক সাবেক সহকর্মীর ওপর গুলি চালান।
১০২ তলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে এক কর্মচারি গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। ৩৪ স্ট্রিট এবং ফিফথ অ্যাভেনিউয়ে দিনের ব্যস্ত সময়ে গুলি হয়েছে।
ফক্স ৫ নিউজ টিভি স্টেশনে এক নারী জানান, “বন্দুকধারী লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। এ সময় গুলিবিদ্ধ হয়ে পাশেই দাঁড়ানো এক নারী মাটিতে পড়ে যায়।”
লোকজন আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এলাকাজুড়ে রয়েছে কড়া পুলিশ পাহারা।
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গুলিবিদ্ধদের কেউ কেউ দুর্ঘটনবশত পুলিশের গুলিতেও আহত হয়ে থাকতে পারেন। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।
গগনচুম্বী এম্পায়ার স্টেট বিল্ডিং নিউ ইয়র্কে পর্যটকদের অন্যতম আকর্ষণ। বছরে এখানে প্রায় ৪০ লাখ পর্যটক সমাগম ঘটে।
পর্যটনের মৌসুমেই সবাইকে বিচলিত করে এম্পায়ার স্টেটের কাছে ঘটল এ গুলির ঘটনা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৮ঘ.
bdnews24