২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভূগর্ভে পরমাণু প্রকল্পের বিস্তার ঘটিয়েছে ইরান’

একটি ভূর্গস্থ বাঙ্কারে ইরান আরো অনেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র বসিয়েছে বলে বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ভিয়েনা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-একটি ভূর্গস্থ বাঙ্কারে ইরান আরো অনেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র বসিয়েছে বলে বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। পরমাণু প্রকল্পের লক্ষ করার মতো সম্প্রসারণ আড়াল করার উদ্দেশ্যেই ভূগর্ভে যন্ত্রগুলো বসানো হয়েছে বলে সন্দেহ করছে তারা। পশ্চিমা দেশগুলোর সন্দেহ, গোপনে পরমাণু বোমা তৈরি করছে ইরান। পশ্চিমাদের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তবে অভিযোগ অস্বীকার করলেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী বন্ধ করেনি। এতে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করেছে। আর এ কারণে ইরানের পরমাণু প্রকল্পে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। চাপের মধ্যেও পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখার মাধ্যমে ইরানের অনমনীয় মনোভাব প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পর্বতমালার গভীর তলদেশে অবস্থিত ফরদৌ পরমাণু প্রকল্পে বাড়তি অনেকগুলো সেন্ট্রিফিউজ বসিয়েছে ইরান। বেশ কয়েকটি সূত্র থেকেই এ খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। শত্র“র হামলা থেকে রক্ষার জন্য পর্বতের গভীরে প্রকল্পটি স্থাপন করা হয়েছে। একটি সূত্রের ধারণা, কয়েশ’ যন্ত্র বসানো হয়েছে। ইরানের এ ধরনের পদক্ষেপ পশ্চিমাদের আরো উদ্বিগ্ন করে তুলবে বলে ধারণা। গত বছর স্থাপন করা ফরদৌ পরমাণু প্রকল্পে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। এর মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কাছাকাছি পৌঁছে যাবে দেশটি। তাই এই সমৃদ্ধকরণ বন্ধ করতে মরিয়া হয়ে চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। ভিয়েনাভিত্তিক এক কূটনীতিক বলেছেন, “আমাদের মূল উপলব্ধি এই তারা সেন্ট্রিফিউজ স্থাপন চালিয়ে যাবে।” তবে নতুন যন্ত্রগুলো এখনও চালু করা হয়নি বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৪ ঘ.