ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাদ্দ বৃদ্ধি ও সরকারে হস্তক্ষেপ বন্ধের দাবিতে প্রায় দুই মাস ধরে শিক্ষক ধর্মঘটের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা সরকার দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
শ্রীলঙ্কা সরকারের অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।
তামিল বিদ্রোহ, ঊনিশশ সত্তর ও আশির দশকে সিংহলি শিক্ষার্থীদের রক্তাক্ত আন্দোলনসহ বহু বিক্ষোভ ও সহিংস দাঙ্গার সূচনা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়গুলো থেকেই।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা সরকার উচ্চ শিক্ষার একটি অংশ থেকে বরাদ্দ প্রত্যাহার করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করায় গত জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবে সরকারের রাজনৈতিক হস্তাক্ষেপ বন্ধ করতে হবে এবং তাদের বেতন-ভাতা বাড়াতে হবে।
এই আন্দোলনের কারণে প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরকার মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টিই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রী এসবি দেশানায়েকে সাংবাদিকদের বলেন, “আমাদের বিশ্বাস, তারা (শিক্ষকরা) আসলে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে চাইছে।”
সরকার ইতোমধ্যে শিক্ষকদের ছয় দফা দাবির মধ্যে পাঁচটি পূরণের ঘোষণা দিলেও আন্দোলনকারী শিক্ষকদের মুখপাত্র মাহিম মেন্ডিস বিবিসিকে বলেন, সরকারের এ বক্তব্য সত্য নয়।
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে মন্ত্রীদের অনুগত লোকদের বসিয়ে রাখা হয়েছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।
“আমাদের ইউনিয়নে সব দলের শিক্ষকরা আছেন। এটা এখন জাতীয় আন্দোলন। সুতরাং আমরা সরকার হঠানোর জন্য আন্দোলন করছি- এই অভিযোগ ভিত্তিহীন”, বলেন মেন্ডিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০০৫ ঘ.
bdnews24