২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনায় ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ

বহনকারী বিমান দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জেসি রবরেডো। তাকে বহনকারী হাল্কা সেসনা বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বহনকারী বিমান দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জেসি রবরেডো। তাকে বহনকারী হাল্কা সেসনা বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে বলে ফিলিপাইনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। জরুরী অবতরণের চেষ্টাকালে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় মাসবাতে প্রদেশের উপকূলের সাগরে বিমানটি পড়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় মন্ত্রীর সফরসঙ্গী আরো দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। মন্ত্রীর অপর এক সহকারীকে স্থানীয় জেলেরা সাগর থেকে উদ্ধার করেছে। অন্ধকার হয়ে যাওয়ায় শনিবার সন্ধ্যা থেকে তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল জেনারোসো বোলিনা জানিয়েছেন, মন্ত্রীকে বহনকারী বিমানটি মধ্যাঞ্চলীয় শহর সেবু থেকে রবরেডোর নিজ শহর নাগা যাচ্ছিল। বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে মাসবাতেতে জরুরী অবতরণের অনুমতি চেয়েছিল বিমানটির পাইলট। কিন্তু অবতরণের আগেই বিমানটি বিধ্বস্ত হয়, জানান বোলিনা। প্রত্যক্ষদর্শীরা সেসনা বিমানটিকে রানওয়ে থেকে এক কিলোমিটার দূরে সাগরে বিধ্বস্ত হতে দেখেছেন। বিমানের ধ্বংসাবশেষ এখনো পাওয়া যায়নি। বিমানের দুইজন পাইলটই নিখোঁজ রয়েছেন। এদের একজন ফিলিপিনো ও অপরজন নেপালি। ৫৪ বছর বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী রবরেডো ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো একুইনোর ঘনিষ্ঠ সহযোগী। ২০১০ সালে প্রেসিডেন্ট হিসেবে একুইনোর নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০৫৭ ঘ.