ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের পুলিশ প্রধান ওয়েস্টিন মায়েল্যান্ড পদত্যাগ করেছেন। নরওয়েতে বোমা হামলা ও গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যাকারী আন্দ্রেস বেরিং ব্রেইভিককে আগেভাগেই থামানো যেতো বলে এক তদন্তে প্রমাণিত হওয়ায় তিনি পদত্যাগ করেন।
গত বছর ২২ জুলাইয়ে রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে লেবার পার্টির যুব সম্মেলনে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক।
ব্রেইভিকের ওই হত্যাকাণ্ড ঘটানোর কয়েকদিন আগেই পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মায়েল্যান্ড। সোমবার ওই ঘটনার এক স্বাধীন তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোমা হামলা প্রতিরোধ করা সম্ভব ছিল। প্রতিবেদনে সমালোচনা করে বলা হয়, গোলাগুলির পরিপ্রেক্ষিতে সাড়া দিতে পুলিশ যে পরিমাণ সময় নিয়েছে তা ‘অগ্রহণযোগ্য’।
এরআগে পুলিশের তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, দায়িত্বরত কোনো পুলিশ ওই ঘটনায় তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি করেনি।
কিন্তু স্বাধীন তদন্ত প্রতিবেদনে ওই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করা হয়।
মেরিল্যান্ডের পদত্যাগের তথ্যা বৃহস্পতিবারের মধ্যরাতের টেলিভিশন বিতর্কে দেশটির আইন বিষয়ক মন্ত্রী গ্রিটি ফারেমো জানিয়ে দেন।
এরআগে পুলিশ প্রধান মেরিল্যান্ড জানিয়েছিলেন, মন্ত্রীদের আস্থা ছাড়া তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন না। এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, “যদি মন্ত্রণালয় ও অন্য রাজনৈতিক কর্তৃপক্ষ এ ব্যাপারটি দ্ব্যর্থহীন ভাবে খোলাসা না করেন তবে আমার পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়বে।”
স্বাধীন তদন্ত প্রতিবেদনে উল্লিখিত সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে, স্থানী দুই পুলিশ উটোইয়া দ্বীপে গুলির শব্দ পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হলেও বিষয়টি মোকাবিলায় তারা কোনো নৌকা জোগাড় করে ওখানে যাওয়ার পরিবর্তে আরো প্রশিক্ষিত সহকর্মীদের জন্য অপেক্ষা করছিলেন।
ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জেন স্টলটেনবার্গ সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় ওই ঘটনায় যে সমস্ত ভুল হয়ে গেছে তার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং এসবকিছুর দায় তার কাঁধেই নিয়েছেন। তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া থেকে বিরত থাকেন।
এরআগে ওই হত্যাকাণ্ডের হোতা আন্দ্রেস ব্রেইভিক আদালতে জানান, আগেভাগে পুলিশকে জানিয়েই তিনি ওই হত্যাকাণ্ড চালিয়েছিলেন।
ব্রেইভিক বলেন, ধরা দেওয়ার জন্য আগেই পুলিশকে ফোন করেছিলেন তিনি। কিন্তু পুলিশ চটজলদি সাড়া না দেওয়ায় তিনি হত্যাযজ্ঞ চালানোর সিদ্ধান্ত নেন এবং ‘না মরা’ পর্যন্ত খুন করে যাবেন বলে স্থির করেন।
বিবিসি জানায়, যত বেশি সম্ভব মানুষ মারাই তার পরিকল্পনা ছিল। তবে উটোইয়া দ্বীপের হামলায় ১৬ বছরের কম বয়সীদের না মারারই চেষ্টা করেছিলেন তিনি।
অসলোয় এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করলেও একে অপরাধ বলে স্বীকার করেননি ব্রেইভিক। বড় ধরনের বর্বরতা ঠেকাতে ছোট্ট এই বর্বর কাণ্ড ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন ব্রেইভিক।
হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়ার জন্য ওই হামলা চালিয়েছেন। ওই সব ষড়যন্ত্রকারী যাদের অভিবাসনপন্থী নীতি নরওয়েবাসীদেরকে ব্যভিচারী করে তুলছে।
হামলার পর পরই ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তাকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দেয়া হয়। তবে চলতি বছর আরেক দফা বিশেষজ্ঞ দিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাকে সুস্থ বলা হয়।
আদালতে এই মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ অগাস্ট রায় দেওয়া হবে।
আদালতে পাঁচজন বিচারক নিয়ে গঠিত প্যানেল এই রায় ঘোষণা করবেন। তবে তাকে দীর্ঘ মেয়াদী কারাদণ্ড নাকি মনোরোগ সংক্রান্ত নিরাপদ ওয়ার্ডে প্রেরণ করা হবে, এই দ্বন্দ্বের সমাধান করবেন বিচারকগণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.
bdnews24