২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে বসবাসরত দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর হাজার হাজার অধিবাসীরা হামলার আশঙ্কায় শহর ছেড়ে পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে বসবাসরত দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর হাজার হাজার অধিবাসীরা হামলার আশঙ্কায় শহর ছেড়ে পালিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আর কে সিং অভিযোগ করেছেন ‘গুজবের উষ্কানিতে’ তারা পালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের কোন ব্যক্তিকে দেশের যে কোন স্থানে থাকার ব্যাপারে কোন হুমকি দেওয়া হয়নি। সংবাদদাতারা জানিয়েছেন, গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সহিংসতার সঙ্গে এ গুজবের সংশ্লিষ্টতা থাকতে পারে। আসামে বোদো উপজাতি ও মুসলিম অভিবাসীদের মধ্যে সহিংসতায় ৩ লাখের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। বুধবার গুজব ছড়িয়ে পড়ার পর ব্যাঙ্গালোরের প্রধান রেল স্টেশনে উত্তর-পূর্বাঞ্চলীয় অধিবাসীদের ঢল নামে। পরিস্থিতি সামাল দিতে উত্তর-পূর্বাঞ্চলগামী একটি বিশেষ ট্রেন ছাড়ে কর্তৃপক্ষ। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে আসা প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ ব্যাঙ্গালোরে বাস করে যাদের অনেকেই ছাত্র, নিরাপত্তা কর্মী ও বিভিন্ন সেবামূলক খাতে কাজ করে থাকেন। ব্যাঙ্গালোরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার প্রায় ৪ হাজার মানুষ পালিয়ে গেছে। মোবাইল ফোনের টেক্সট বার্তার মাধ্যমে গুজবটি ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর পেছনে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৭২০ ঘ.