নয়াদিল্লি, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিলাস রাও দেশমুখ মারা গেছেন।
যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি। চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে রাওয়ের মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
গত সপ্তাহে যকৃত প্রতিস্থাপনের জন্য বিলাস রাওকে মুম্বাই থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হয় এবং দেহের কয়েকটি অঙ্গ অকার্যকর হয়ে পড়ে।
বিলাসরাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার মৃত্যুতে বিকালে ভারতীয় পার্লামেন্টের কার্যক্রম মুলতবি করা হয়।
রাওয়ের মৃতদেহ মঙ্গলবার রাতেই মহারাষ্ট্রের লাতুরে নিয়ে যাওয়া এবং তার নিজ গ্রামেই শেষকৃত্য অনুষ্ঠানের কথা রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতা বিলাস রাও এর আগে দুই বার মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মহারাষ্ট্রে লাতুর জেলার ভাবলাগাওয়ে জন্ম রাওয়ের। কংগ্রেসে তিনি যোগ দেন ১৯৭০ এর দশকে। এরপর খুব দ্রুতই ভারতের মূলধারার রাজনীতিতে জায়গা করে নেন রাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৯ ঘ.
bdnews24